নজরবন্দি ব্যুরো: বছরের শেষভাগে এসে হাজির হয়েছি আমরা। জাঁকিয়ে শীত না পড়লেও রাতের দিকে হালকা ঠাণ্ডা অনুভব করা যাচ্ছে। এই সময়েই ভ্রমণপিপাসুরা প্ল্যান করে ফেলেন কোথাও ঘুরতে যাওয়ার। শীতের আমেজ গায়ে মেখে দূরে বা কাছে কয়েকদিনের ছুটি কাটিয়ে ফেলুন আপনিও। কিন্তু যাবেন কোথায়? আজকের প্রতিবেদনে খোঁজ রইল ৩ টি ঠিকানার, যেখানে গেলে ফিরতে চাইবে না আপনার মন।
আরও পড়ুন: দামোদর ও ভাগীরথীর মিলমিশ এখানেই, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন এই ঠিকানায়
জাম্পুই হিলস
পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় অবস্থিত এই হিল স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। একদিকে পাহাড়, অন্যদিকে চট্টগ্রামের সীমান্ত দেখা যাবে। এছাড়াও এখান থেকেই বাংলাদেশের চট্টগ্রাম পাহাড় দেখতে পাবেন পর্যটকরা। আশেপাশের গ্রামগুলোর সৌন্দর্য চোখে পড়ার মত। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে প্রচুর কমলালেবু পাওয়া যায়। এবারের শীতে উত্তরবঙ্গের বদলে ঘুরে আসতে পারেন এই অফবিট ঠিকানায়।
শিলং
শিলংকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় যার কারণে পর্যটকরা এখানে আসতে আকৃষ্ট হয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। শিলংয়ের আবহাওয়া সারাবছর মনোরম থাকে। শীতের মরশুমে হালকা ঠান্ডা গায়ে মেখে ঘুরে আসতে পারেন এই ঠিকানায়।

রিকিসুম
কালিম্পংয়ের কাছে এই ছোট্ট জনপদ বিগত কিছু সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভোর হলেই পাইন, ফার, বার্চ গাছে ঘেরা সবুজে মোড়া পাহাড়ের মাঝ থেকে সূর্য এসে উকি দেবে। এই অফবিট গ্রামের পিছনেই রয়েছে নেওড়া ভ্যালি জঙ্গল। দেখা মিলবে বিভিন্ন বৈচিত্র্যের পাখি ও বন্য জন্তুর। অবস্থানগত কারণেই ব্রিটিশ শাসকদের এই পাহাড়ি গ্রাম বেশ পছন্দের ছিল। এমনকি রিকিসুমে পাহাড়ের চূড়ায় একটি বাংলো তৈরি করেছিলেন তাঁরা। সেই বাংলো এখন ইতিহাসের পাতায় ধ্বংসাবশেষ নিদর্শন হিসেবে স্থান পেয়েছে।
শীতের আমেজ গায়ে মেখে করে ফেলুন হাওয়া বদল, রইল ৩ ঠিকানার খোঁজ




