নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে বিভিন্ন রকম অভিযোগ। কখনো হাসপাতালের বেড নেই এই বলে রোগীকে ফেরত পাঠানো। কখনো বা স্বাস্থ্য সাথী প্যাকেজের থেকে বেশি টাকা নিয়েছে বলেও অভিযোগ উঠেছে। আর এবার স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি নার্সিং হোম গুলির উপর আরো কড়া হল রাজ্য সরকার।
আরও পড়ুনঃ ‘জয় শ্রীরাম বিতর্কে’ মমতার রাগ নিয়ে এবার মুখ খুললেন রেলমন্ত্রী


তাই এবার নতুন নির্দেশিকা প্রকাশ করল মমতার সরকার। নির্দেশিকায় বলা হয়েছে,চিকিৎসা শুরুর আগে রোগী রেফার হলে বা মারা গেলে প্যাকেজের পুরো টাকা পাবে না হাসপাতাল। এছাড়াও রোগীর অস্ত্রোপচার করতে গিয়ে যদি দেখা যায়, অস্ত্রোপচার সম্ভব নয়, তাহলে প্যাকেজের ৩৫% টাকা দেবে সরকার। অস্ত্রোপচার আংশিক হলে মিলবে ৫০% টাকা।

অপরদিকে অস্ত্রোপচার ব্যর্থ হলে মিলবে ইমপ্ল্যান্টের খরচ এবং মোট প্যাকেজের মাত্র ৩০%। কিডনি ও গলব্লাডারের পাথর পুরোপুরি না বের হলে পাওয়া যাবে ৬০% টাকা। অস্ত্রোপচারের আগেই রোগী মারা গেলে মাত্র ২৫% টাকা পাবে হাসপাতাল গুলি। অস্ত্রোপচার চলাকালীন রোগীর মৃত্যু হলে মিলবে অর্ধেক টাকা।
অস্ত্রোপচারের ২৪ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে ৭০% টাকা পাবে হাসপাতাল। নতুন এই নির্দেশিকা অনুযায়ী হাসপাতালে ছুটির আগে রোগীর মৃত্যু হলে মিলবে ৮৫% টাকা। একইরকমভাবে অস্ত্রপ্রচার দরকার নেই এমন রোগী ভর্তির ২৪ ঘন্টার মধ্যে মারা গেলে মিলবে ১৫% টাকা। শুধু তাই নয় এবার থেকে কোনরূপ পরীক্ষা-নিরীক্ষা না করে বা চিকিৎসা না করে রেফার করলে হাসপাতাল গুলিকে কোন টাকা দেওয়া হবে না বলে জানানো হয়েছে নতুন নির্দেশিকায়।


স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালের উপর আরো কড়া রাজ্য সরকার, ঘোষণা হল নয়া নির্দেশিকা

অপরদিকে চিকিৎসা পুরোপুরি শেষ না করে রোগীকে রেফার বা ট্রান্সফার করলে মিলবে অর্ধেক টাকা। আর পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার না করে রেফার বা ট্রান্সফার করলে মিলবে ২৫% টাকা। স্বাস্থ্যসাথী নিয়ে সরকারের তরফ থেকে এরকম আরও নানা নয়া নির্দেশিকা আসতে চলেছে, সেগুলো কি কি হতে পারে তার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী।







