নজরবন্দি ব্যুরোঃ ২ হপ্তার আর্জি খারিজ, আদালতের তরফে জানানো হয়েছে আগামী ১২ তারিখের মধ্যে মুকুল মামলার হলফনামা জমা দিতে হবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। PAC পদে রায়সাহেবকে বসানোর পর থেকেই শুরু হয়েছে নয়া বিতর্ক। একাধিক ইস্যুকে পাশে সরিয়ে রেখে রাজ্যের বিরোধী দল সরব হয়েছে মুকুল রায়কে পিএসি পদে বসানো নিয়ে।
আরও পড়ুনঃ পরিকল্পিত ভাবে বন্যা করা হচ্ছে, কলকাতায় ফিরেই রিপোর্ট বানাবেন মমতা


বিজেপির ছাতার তলায় কৃষ্ণনগরে ভোট জিতেছে মুকুল রায়। তার পরেই দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেও বিজেপির বিধায়ক হিসেবেই বসেছেন বিধানসভার ওই কমিটির পদে। সেখানেই আপত্তি বিজেপির। তাদের দাবি দলত্যাগের সঙ্গে সঙ্গে বিধায়ক পদ ত্যাগ করা উচিত মুকুলের। তা না হয়ে উল্টো পথে সুকৌশলে সরকারের পক্ষ থেকে মুকুল কেই বসানো হয়েছে ওই পদে।
২ হপ্তার আর্জি খারিজ, হলফনামা জমা দিতে হবে পরবর্তী শুনানির দিনেই।

দলত্যাগ বিরোধী আইনের হুঁশিয়ারি সহ একাধিক ভাবে লাগাতার প্রতিবাদ করে যাচ্ছেন গেরুয়া শিবিরের বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে সুর চড়িয়েছেন, দেখা করেছেন রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি সকলের সঙ্গে। তার পরেই কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় আদালতে দায়ের করেন একটি জনস্বার্থ মামলা।
তাঁর অভিযোগ নিয়ম না মেনে PAC পদে মুকুলকে বসিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই মামলায় আজ স্পিকারের হয়ে আদালতে সওয়াল করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। উল্লেখ্য বিষয়ে আরও অনেক তথ্য দেওয়ার আছে বলে তিনি হলফনামা জমা দেওয়ার জন্য আরও ২ সপ্তাহ সময় চেয়েছিলেন আদালতের কাছে।


সূত্রের খবর ২ হপ্তার আর্জি খারিজ করে দেওয়া হয়েছে আদালতের তরফে। মুকুল মামলায় আজ হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে আগামী ১২ তারিখে এই মামলার পরবর্তী শুনানি হবে। এবং ওই দিনের মধ্যেই হলফনামা জমা দিতে হবে স্পিকারকে।







