নজরবন্দি ব্যুরো: কোন কোন বুথ স্পর্শকাতর? চিহ্নিত করে জেলাশাসক এবং পঞ্চায়েত নির্বাচন অফিসারদের কাছে তালিকা চাইল রাজ্য নির্বাচন কমিশন। এই মর্মে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে চিঠিও পাঠিয়েছে কমিশন। রবিবার পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে নির্বাচন কমিশনার রাজীব সিনহা, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: ভাঙড়ের পর এবার রণক্ষেত্র চন্দ্রকোণা, পতাকা লাগানো নিয়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ!
কিন্তু কোন কোন বুথকে স্পর্শকাতর বলা হবে? রাজ্য নির্বাচন কমিশন জেলাশাসকদের কাছে যে চিঠি পাঠিয়েছে সেখানে লেখা হয়েছে, এক, যেসব বুথে বিগত ভোটে অর্থাৎ ২০১৮ সালে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে এবং বিজয়ী প্রার্থী ৭৫ শতাংশের বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন সেইসব বুথকে স্পর্শকাতর বলে বিবেচনা করা হবে। দুই, যে নির্বাচনী বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণ হয়েছিল সেগুলিকেও স্পর্শকাতর বুথ হিসেবে গণ্য করা হবে।

স্পর্শকাতর বুথ চিহ্নিত করার কাজে জেলা শাসক, পঞ্চায়েত রিটার্নিং অফিসারদের নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি, স্থানীয় থানাকে এই কাজে সাহায্য করতে বলা হয়েছে। মতামত জানাবেন, পুলিশ সুপাররাও। আসলে এই স্পর্শকাতর বুথ চিহ্নিত করতে না পারলে কেন্দ্রীয় বাহিনী বন্টনেও সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে বাহিনী আসতে শুরু করেছে। আরেকটি বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছিল যে, স্পর্শকাতর এলাকাগুলিতেই মোতায়েন করা হবে বাহিনী কিন্তু তাঁরা কোনও বুথে থাকবে না।
কোন কোন বুথ স্পর্শকাতর? জেলাশাসকদের কাছে তালিকা চাইল কমিশন









