নজরবন্দি ব্যুরো: ভাঙড়ের পর এবার রণক্ষেত্র পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। পতাকা লাগানো নিয়ে বাঁধল আইএসএফ-তৃণমূলের মধ্যে সংঘর্ষ। আহত হয়েছেন অন্তত ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নেমেছে পুলিশের বিশাল বাহিনী।
আরও পড়ুন: ইডি সিবিআই আমার কাঁচকলা করেছে, সুজাপুর থেকে কেন্দ্রকে আক্রমণ অভিষেকের
জানা গিয়েছে, এক তৃণমূল প্রার্থী কৃষ্ণপুর এলাকায় প্রচার করতে গেলে তাঁর ওপর চড়াও হয় আইএসএফ সমর্থকরা। যদিও আইএসএফের বক্তব্য, তাঁদের ওপর আক্রমণ করেছে শাসক দলের লোকজন। এদিন কৃষ্ণপুর এলাকায় দুই দলই প্রচারে বেরোয়। সেখানে দলীয় পতাকা টানানো নিয়ে অশান্তির সূত্রপাত হয়। প্রাথমিকভাবে মুখে বাগবিতণ্ডা দিয়ে শুরু হলেও শেষে তা গড়ায় হাতাহাতিতে। দুই দলের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অনেকেই। তার মধ্যে ৫ জনকে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের সাথে সাথেই রাজ্যের নানান প্রান্ত থেকে ভেসে আসছে হিংসার ঘটনা। ইতিমধ্যেই রাজনৈতিক সংঘর্ষে মারা গিয়েছেন ১১ জন। আর এক সপ্তাহ পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। হিংসা রুখতে আদালতের নির্দেশে ভোটের আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে।

চন্দ্রকোণার পাশাপাশি রবিবার হিংসার ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার খড়দহতেও। সেখানে বিজেপির বিরুদ্ধে তৃণমূল মারধরের অভিযোগ এনেছে। আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে খড়দহতেই বিজেপি তাঁদের বিরুদ্ধে তৃণমূলের অত্যাচারের অভিযোগ এনেছিল। সব মিলিয়ে পঞ্চায়েত ভোট যত কাছে আসছে উত্তাপ বাড়ছে রাজ্যের।
ভাঙড়ের পর এবার রণক্ষেত্র চন্দ্রকোণা, পতাকা লাগানো নিয়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ!









