নজরবন্দি ব্যুরোঃ আবার আন্দোলনে নামলেন টেট পরীক্ষা দেওয়া চাকরিপ্রার্থীরা। প্রাথমিক স্কুলে শিক্ষকতার স্বপ্নদেখা তরুন – তরুণীদের স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। ৫ বছর ধরে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন তাঁরা, বলছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের প্রশ্ন, TET-এর ফল প্রকাশ কবে হবে? আর পরীক্ষা নিয়ে ফলপ্রকাশ করতেই যদি ৫ বছর লেগে যায় তাহলে চাকরি কবে হবে? চরম হতাশা আর একগুচ্ছ প্রশ্ন নিয়ে পথে নামলে হবু শিক্ষকরা।
আরও পড়ুনঃ ভারতে ছাড়পত্র পেল ZyCoV-D ভ্যাকসিন, জরুরি ভিত্তিতে ব্যবহার হবে শিশুদের উপর।


ঘটনার সূত্রপাত ২০১৭ সাল। সেই বছর ফর্ম ফিলাপ করা চাকরিপ্রার্থীরা পরীক্ষা দেন ২০২১ সালে! যদিও পরীক্ষা নেওয়ার কথা হয়েছিল ২০১৮ সালেই। রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ২০১৮ সালের কালীপুজোর পর পরীক্ষার কথা ঘোষণা করলেও তাঁদের পরীক্ষা নেওয়া হয়নি। যদিও কেন পরীক্ষা নেওয়া হয়নি তা জানায়নি শিক্ষাদফতর। পরে অনেক টালবাহানা শেষে, ২০২১ সালের ৩১শে জানুয়ারি তাঁদের টেট পরীক্ষা হয়।
তবে পরীক্ষা হয়ে ৯ মাস হতে চললেও এখনও ফল প্রকাশিত হয়নি। এই নিয়েই আন্দোলনে নেমেছেন রাজ্যের হবু শিক্ষকরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গতকাল মিছিল করেন চাকরিপ্রার্থীরা। ফলাফল প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবি নিয়ে হবু শিক্ষকরা বর্ধমান টাউন হল চত্ত্বরে জড়ো হন। সেখান থেকে মিছিল করে গিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অফিসে ডেপুটেশন দেন।
TET-এর ফল প্রকাশ কবে হবে? চাকরি? ৫ বছর ধরে মানসিক যন্ত্রণার শিকার চাকরিপ্রার্থীরা।

এদিকে, হাইকোর্টের হস্তক্ষেপে চাকরি প্রার্থীদের জন্য সুখবর শুনিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন। টেট উত্তীর্ণদের একটি তালিকা প্রকাশ করে তাঁদের স্ক্রুটিনি, তথ্য যাচাই ও ভাইভার জন্য ডেকে পাঠানো হয়েছে। বোসপুকুরে কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল, শিক্ষা ভবনে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে স্ক্রুটিনির কাজ।


২০১৪ সালের টেট পরীক্ষায় ভুল প্রশ্নপত্র থাকার জন্য মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। ২০১৮ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ভুল প্রশ্নের উত্তর যারা দিয়েছেন তাদের পূর্ণাঙ্গ নম্বর দিতে হবে। কিন্তু পর্ষদ তাতে ঢিলেমি করায় গত ১০ই সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালত ডেকে পাঠায়। আদালতের তিরস্কারের মুখে পড়ার ১ মাস পরেই নিয়োগে তৎপর হয়েছে পর্ষদ।







