বছরে ৩টি LPG সিলিন্ডার বিনামূল্যে, মহিলাদের বাসযাত্রাতেও বড় ঘোষণা বিজয়ের

তামিলনাড়ু বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজয়ের একাধিক বড় ঘোষণা। যোগ্য পরিবারকে বছরে তিনটি LPG সিলিন্ডারের খরচ ফেরত, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার পরিধি বাড়ছে ২ অক্টোবর থেকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তামিলনাড়ুতে বড়সড় জনকল্যাণমূলক ঘোষণা মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের (C Joseph Vijay)। বছরে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করা পরিবারগুলিকে বছরে তিনটি রান্নার গ্যাসের (LPG) সিলিন্ডারের খরচ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। ‘অন্নপূরানি সুপার সিক্স’ (Annapoorani Super Six) প্রকল্পের প্রথম ধাপে প্রায় ১.৩০ কোটি পরিবার উপকৃত হবে। ২০২৭ সালের পোঙ্গল থেকে এই প্রকল্প চালু হবে এবং এর জন্য বছরে প্রায় ৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তামিলনাড়ু বিধানসভায় সোমবার নিয়ম ১১০-এর অধীনে একাধিক ঘোষণা করেন বিজয়। তাঁর সরকারের এই সিদ্ধান্তকে রান্নার গ্যাসের বাড়তি খরচে সাধারণ মানুষের আর্থিক বোঝা কমানোর পদক্ষেপ হিসেবেই তুলে ধরা হয়েছে। যোগ্য পরিবারগুলি প্রথমে LPG সিলিন্ডার কিনবে, এরপর সেই সিলিন্ডারের খরচের সমপরিমাণ অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ায় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।

এই প্রকল্পের আওতায় বার্ষিক ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করা পরিবারের পাশাপাশি অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা মানুষ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার এবং প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারগুলিকেও অন্তর্ভুক্ত করা হবে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে। প্রায় ১ কোটি ৩০ লক্ষ ১৬ হাজার পরিবার এই সুবিধার আওতায় আসতে পারে।

নির্বাচনের আগে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজগম (Tamilaga Vettri Kazhagam) প্রতি পরিবারকে বছরে ছয়টি LPG সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আপাতত সেই ‘সুপার সিক্স’ প্রতিশ্রুতির প্রথম ধাপে বছরে তিনটি সিলিন্ডারের সুবিধা চালু হচ্ছে। সরকারের বক্তব্য, আর্থিক চাপের সময়ে সাধারণ পরিবারের রান্নার খরচ কিছুটা কমাতেই এই উদ্যোগ।

শুধু রান্নার গ্যাস নয়, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার পরিধিও বাড়ানোর ঘোষণা করেছেন বিজয়। ‘ভেট্রি পায়ানাম’ (Vetri Payanam) প্রকল্পের আওতায় ২ অক্টোবর থেকে শহর ও পুর এলাকায় সরকারি এক্সপ্রেস, LSS এবং ডিলাক্স বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই সুবিধার ক্ষেত্রে কোনও আয়সীমা বা যাত্রার সংখ্যার সীমা রাখা হচ্ছে না।

এর পাশাপাশি মফস্‌সল ও পাহাড়ি রুটে চলা সাধারণ ভাড়ার সরকারি বাসেও মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ বাড়ানোর কথা জানানো হয়েছে। আন্তঃজেলা যাত্রাও এর আওতায় আসবে। রূপান্তরকামী ব্যক্তিদেরও এই সম্প্রসারিত সুবিধার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের জন্য বছরে প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ হতে পারে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

সোমবার বিধানসভায় পরিকাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজয়। চেন্নাইয়ের কাছে পারান্দুরে প্রস্তাবিত দ্বিতীয় বিমানবন্দর প্রকল্প আপাতত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। কৃষিজমি নষ্ট হওয়া এবং স্থানীয় পরিবারগুলিকে উচ্ছেদের আশঙ্কায় কৃষক ও বাসিন্দাদের একাংশ দীর্ঘদিন ধরে এই প্রকল্পের বিরোধিতা করে আসছিলেন।

বিজয়ের বক্তব্য, নতুন বিমানবন্দর এমন জায়গায় হওয়া উচিত যেখানে কৃষকদের ক্ষতি বা পরিবার উচ্ছেদের প্রয়োজন হবে না। সেই কারণে বিকল্প কয়েকটি জায়গা চিহ্নিত করার কাজ চলছে। ফলে একদিকে LPG ও বিনামূল্যে বাসযাত্রার মতো জনকল্যাণমূলক ঘোষণা, অন্যদিকে পারান্দুর বিমানবন্দর নিয়ে বড় সিদ্ধান্ত—একই দিনে তামিলনাড়ু সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সামনে এল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর