বলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। চার হাত এক হতে চলেছে তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার। বলিউডে ইতিমধ্যেই ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছে এই জুটি। এ বার পরিণয়ের পালা। ২০২৫-এই নাকি বিয়ে করছেন তারকা জুটি। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুম্বই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ করছেন তমন্না-বিজয়।
মাসখানেক আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে। তামান্নার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, শীঘ্রই নাকি তাই বিজয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। এবার বাড়ি খোঁজা শুরু করতেই সেই জল্পনায় প্রায় সিলমোহর! তাই বিয়ের পর সংসার পাতার জন্য আপাতত বিলাসবহুল বাড়ির খোঁজে তারকা যুগল।
আরও চমকপ্রদ বিষয়, বিয়ের প্রসঙ্গ উঠতেই তামান্না বা বিজয়ের কেউই কিন্তু ‘না’ বলেননি। ২০২২-এ প্রথম প্রকাশ্যে আসে তামন্না ও বিজয়ের সম্পর্কের খবর। একটি পার্টিতে বেশ ঘনিষ্ঠ ভাবে দেখা যায় দু’জনকে। প্রথম দিকে সম্পর্কের খবর প্রকাশ করতে চাননি তাঁরা। নিজেদের ভাল বন্ধু বলেই পরিচয় দিতেন।
২০২৩-এ জুন মাসে তামন্না প্রথম জানান, বিজয়ের সঙ্গে তিনি সুখে আছেন। কাজের ক্ষেত্রেও তাঁরা পরস্পরের পাশে থাকেন বলেও জানিয়েছিলেন। ‘লাস্ট স্টোরি ২’ ছবিতেও তামন্না ও বিজয়ের উষ্ণ রসায়ন পর্দায় ধরা পড়েছিল।



