নজরবন্দি ব্যুরোঃ মন্ত্রিত্ব ছাড়ার পরই তৃণমূলের পদ থেকেও ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। তারপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক দলবদলের জল্পনা। আর তাঁরই মাঝে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জল্পনার অবসান ঘটালেন খোদ প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। আপাতত রাজনীতি থেকে সরে দাঁড়ালেও কোনও দলে যাওয়া-আসার প্রশ্ন নেই বলে এদিন সাফ জানান তিনি।
তবে মন্ত্রীত্ব এবং তৃণমূলের পদ ছাড়লেও এখনো পর্যন্ত তিনি বিধায়ক পদ ছাড়েননি। সেই প্রসঙ্গে তিনি বলেন, “এখনও বিধায়ক পদ ছাড়িনি রাস্তায় বেরোব।” মন্ত্রিত্ব ছাড়ার পরই বিভিন্ন মহলে কানাঘুষো হচ্ছিল দলের অন্দরে ক্ষোভ তৈরি হওয়ার ফলেই লক্ষ্মীরতন শুক্লা এমন সিদ্ধান্ত নিয়েছেন। সেই জল্পনাও ওড়ালেন তিনি। তাঁর দাবি, “যাঁদের সঙ্গে কাজ করেছি ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। উনি বলেছেন ভাল ছেলে। এটাই বড় প্রাপ্তি। বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই।”


শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব এবং দলীয় পদ ছাড়ার পরই বিজেপিতে যোগ দিয়েছেন। এবার তবে কি সেই পথেই হাঁটছেন লক্ষ্মীরতন? প্রশ্ন একটাই। তবে এদিন সেই জল্পনাকে নস্যাৎ করলেন লক্ষ্মীরতন। আপাতত রাজনীতি থেকে সন্ন্যাস নিলেও যোগ-বিয়োগের কোনও প্রশ্ন নেই বলে জানিয়ে দিলেন তিনি। এ প্রসঙ্গে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বলেন, “আমি খুব সাদামাটা মানুষ। ক্রীড়াবিদ হিসাবে আমার সবচেয়ে বড় পরিচয়। ম্যাচের আগে সবাই জেতার চেষ্টা করি। তারপর সকলে বন্ধু নই। আমরা বাংলায় হিংসা, প্রতিহিংসা দেখতে চাই না। সকলে নিজের আর অপরের খেয়াল রাখতে পারি না। সেটাই সমাজ। সমাজকে ভেঙে এগোনো যাবে না। আমফান, করোনার সময় সকলে এগিয়ে এসেছিল। নিজের, নিজের পরিবার, সমাজের খেয়াল রাখা প্রয়োজন। হিংসা থেকে দূরে থাকুন।”







