সিবিআইয়ের চিঠি অনুসারে আজ (৩১ আগস্ট) সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর। এদিনই দুপুরে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেও দাবি করেন তাঁর কাছে কোনও চিঠি আসেনি।
শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়েও তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ডায়মন্ড হারবার পুরসভাতেও নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এমন অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। যে কারণে পুরসভার কাছে নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে নোটিস পাঠাল ইডি।
শান্তনুর গ্রেফতারির ৫৯ দিন পর এবং অয়নের গ্রেফতারির ৪৯ দিন পর চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারই আলিপুরের নগর দায়রা আদালতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মোট সাত জন অভিযুক্তের বিরুদ্ধে মোট ১১৩ পাতার চার্জশিট পেশ করেছে ইডি। এই মামলার সাক্ষী হিসাবে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে চার্জশিটে।
মজদুর, সুইপার, ক্লার্ক, পিওন, অ্যাম্বুল্যান্স অ্যাটেন্ডেন্ট, অ্যাসিসট্যান্ট মিস্ত্রি, পাম্প অপারেটর, হেল্পার, স্যানিটারি অ্যাসিসট্যান্ট, গাড়ির চালক পদেও নিয়োগ করা হয়েছে প্রচুর টাকার বিনিময়ে। এই অবৈধ নিয়োগের ক্ষেত্রে অনেক নেতা মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের জড়িয়ে থাকার সম্ভাবনা দেখছে ইডি।