শ্রীনগরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। জি ২০ সম্মেলনের বৈঠক চলাকালীন নিরাপত্তা আরও কয়েকগুণ বাড়ানো হবে। এই বৈঠক নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ও চীন। জি ২০ অন্তর্ভুক্ত দেশগুলিকে চিঠি লিখে বৈঠক বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান। যদিও তাদের আপত্তিকে গুরুত্ব দিতে নারাজ ভারত। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে পর্যটন বৈঠকের সূচি। তবে কাশ্মীরের পরিস্থিতি বিভিন্ন দেশের সামনে তুলে ধরতে সেনা জওয়ান ও সরকারি ভবনে হামলা হতে পারে বলে আশঙ্কা।
পুলওয়ামায় জঙ্গিরা বড় নাশকতার ছক কষেছিল বলেই অনুমান কাশ্মীর পুলিশের। তাঁদের তৎপরতায় চক্রান্ত বানচাল হয়েছে। এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃত ইসফাক আহমেদ ওয়ানি আরিগামের বাসিন্দা। তাঁর কাছ থেকে তথ্য পেয়ে তল্লাশি চালিয়ে ৫-৬ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।