অফ ফর্মের সূর্যই অধিনায়ক, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই শুভমন! কারা খেলবেন?

রিঙ্কু–ইশান চমক, স্পিনে ভরসা রেখে ১৫ জনের দল ঘোষণা বিসিসিআইয়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বসা বৈঠকে এই দল চূড়ান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর, জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব

দল ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে জোর আলোচনা। সবচেয়ে বড় চমক—বিশ্বকাপের দলে জায়গা পাননি শুভমন গিল। সাম্প্রতিক ফর্মের ঘাটতির কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে বোর্ড সূত্রে খবর। তাঁর বাদ পড়ার পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ, যিনি গত কয়েক মাসে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নির্বাচকদের নজর কেড়েছেন।

আরও বড় চমক হিসেবে দলে ফিরেছেন ইশান কিশন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর তাঁর প্রত্যাবর্তন অনেকের কাছেই অপ্রত্যাশিত। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ইশানের আগ্রাসী ব্যাটিংকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।

১৫ জনের এই দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। যদিও তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে, তবু অভিজ্ঞতা ও টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের কথা মাথায় রেখেই তাঁকে অধিনায়ক রাখা হয়েছে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর পটেল-কে।

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ হওয়ায় স্পিন বিভাগে বিশেষ জোর দেওয়া হয়েছে। দলে রাখা হয়েছে চার জন নিয়মিত স্পিনার, সঙ্গে একাধিক স্পিন অলরাউন্ডার। তবে পেস বিভাগে বড় সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা। বিশ্বকাপ দলে জায়গা হয়নি মহম্মদ সিরাজমহম্মদ শামি-র। একই সঙ্গে বিবেচনায় আসেননি ঋষভ পন্থ

এই বিশ্বকাপ স্কোয়াডই জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ফলে সেই সিরিজে পারফরম্যান্সই নির্ধারণ করে দিতে পারে ভারতের বিশ্বকাপ যাত্রার দিশা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল (১৫ জন)

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ইশান কিশন, হর্ষিত রানা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন