ইংরেজি নববর্ষের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে। ১ জানুয়ারি ভোররাতে Switzerland-এর অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র Crans-Montana-য় নিউ ইয়ার ইভের অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি পানশালায় আগুন লেগে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখনও পর্যন্ত একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং মৃত ও আহতের সঠিক সংখ্যা যাচাইয়ের কাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।


সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাহাড়ঘেরা ওই রিসর্ট শহরের একটি পানশালায় দাউদাউ করে আগুন জ্বলছে। যদিও ওই ভিডিয়োগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় এক সংবাদ সংস্থার দাবি—নিউ ইয়ার উপলক্ষে আয়োজিত একটি কনসার্টের সময় বাজি ফাটানো থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুলিশ এখনও এই তথ্য নিশ্চিত করেনি।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকল ও উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ গোটা এলাকা ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করেছে এবং পর্যটকদের নির্দিষ্ট জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ভালাইস ক্যান্টনে অবস্থিত ক্রানস-মন্টানা ইউরোপের অন্যতম অভিজাত স্কি রিসর্ট হিসেবে পরিচিত। বছরের এই সময়ে এখানে বিদেশি পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। নিউ ইয়ার ইভ উপলক্ষে একাধিক অনুষ্ঠান চলছিল বলেই ধারণা, যার ফলে ওই পানশালায় উপস্থিত মানুষের সংখ্যা ছিল বেশি।


নতুন বছরের শুরুতেই এমন মর্মান্তিক ঘটনায় গোটা সুইৎজ়ারল্যান্ড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



