পরমব্রতর পোস্টে সমর্থন কেন? ভোট পরবর্তী হিংসা মামলায় থানায় জিজ্ঞাসাবাদের মুখে স্বস্তিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২১ সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে পুরনো সোশাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন বিতর্ক। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-এর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তদন্তে এবার গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন স্বস্তিকা। অভিযোগ, ভোট-পরবর্তী উত্তপ্ত পরিস্থিতিতে পরমব্রতর পোস্টকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন তিনি।

অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেনের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন সমাজমাধ্যমে করা একটি পোস্ট রাজনৈতিক উত্তেজনা বাড়াতে ভূমিকা নিয়েছিল। সেই ঘটনার ভিত্তিতেই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয় এবং দ্রুত তদন্তের আবেদন জানানো হয়।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণার দিন পরমব্রত একটি পোস্ট করেন, যা নিয়ে আপত্তি তোলা হয়েছে। অভিযোগকারীর বক্তব্য, সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে স্বস্তিকাও মন্তব্য করেছিলেন এবং সেটিকে সমর্থন করেছিলেন বলে দাবি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফআইআর নথিভুক্ত হওয়ার পর স্বস্তিকাকে সাত দিনের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী শনিবার দুপুরে তিনি গড়িয়াহাট থানায় পৌঁছন। প্রায় এক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। তবে থানার বাইরে বেরিয়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি অভিনেত্রী।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, ওই সময় রাজ্যের বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী অশান্তি ও রাজনৈতিক হিংসার একাধিক অভিযোগ সামনে এসেছিল। সেই প্রেক্ষাপটে সোশাল মিডিয়ায় প্রভাবশালী ব্যক্তিদের মন্তব্য জনমনে প্রভাব ফেলতে পারে বলেও অভিযোগকারীর বক্তব্য।

অন্যদিকে, এই মামলায় এখনও পর্যন্ত পরমব্রত বা স্বস্তিকা আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান প্রকাশ করেননি। স্বস্তিকার হাজিরার পর এখন নজর থাকবে তদন্তের পরবর্তী ধাপ এবং পরমব্রত কবে তদন্তকারীদের সামনে উপস্থিত হন, সেই দিকেই।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi

Arka Sana is an Indian journalist, editor, media entrepreneur and political strategist with over 16 years of experience in crime reporting, political journalism, investigative reporting and digital news publishing. He is the Founder and Editor of Najarbandi, one of the leading Bengali digital news platforms in India.

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

-Advertisement-

আরও খবর