নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দু অনুগামীদের সৌজন্যে একাধিক তৃণমূল পার্টি অফিসের দখল নিল বিজেপি! মন্ত্রীত্ব ছাড়ার পর ২৪ ঘন্টাও কাটেনি কিন্তু শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের খেজুর উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক সংঘর্ষে। শুক্রবার রাত থেকে দফায় দফায় খেজুর-১ এবং খেজুরি-২ ব্লকে তৃণমূলের একাধিক কার্যালয়ে ভাঙচুর চালায় বিজেপি। বিজেপি হামলা চালিয়ে তৃণমূলের কয়েকটি পার্টি অফিসের দখল নিয়েছে বলে খবর। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে হেঁড়িয়া-বোগা সড়কের মিঁয়া মোড় অবরোধ করেন তৃণমূল নেতা-কর্মীরা।
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন নির্দেশ হাইকোর্টের


তৃণমূলের অভিযোগ, খেজুরি-১ ব্লকের বীরবন্দর, পাটনা, কণ্ঠীবাড়ি এলাকার মোট ৬টি কার্যালয়ে হামলা হয়েছে। ভাঙচুর চালানোর পাশাপাশি সেগুলিতে বিজেপি-র পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। মধ্যরাতে সবার অলক্ষ্যে তৃণমূলের পার্টি অফিসগুলি দখল নেয় বিজেপি। সাত সকালে খবর চাউড় হতেই তৃণমূল কর্মীরা হাজির হন নিজেদের পার্টি অফিসে। গিয়ে দেখেন পার্টি অফিসে বিজেপির পতাকা উড়ছে। দুপক্ষ মুখোমুখি হতেই শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খেজুরির বীরবন্দর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ নুরসেদ আলি বলেন, ‘‘আমাদের দাবি, অবিলম্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। বিজেপি-র বাইক বাহিনী রাতের অন্ধকারে এসে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। আগুন ধরিয়েছে। পার্টি অফিসগুলিতে বিজেপির দলীয় পতাকা লাগিয়েছে। পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন হবে।”
শুভেন্দু অনুগামীদের সৌজন্যে একাধিক তৃণমূল পার্টি অফিসের দখল নিল বিজেপি!অন্যদিকে তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপসকুমার দোলই বলেন, ‘‘পার্টি অফিস দখলের ঘটনার নিন্দা করছি। ভারতীয় জনতা পার্টি দখলদারির রাজনীতি করে না। এই ঘটনার সঙ্গে আমাদের কোনও য়োগসাজস নেই। তৃণমূলের গোষ্ঠী বিবাদের জেরেই এমন ঘটনা।’’


সূত্রের খবর শুভেন্দু অনুগামীরা কয়েকদিনের মধ্যেই সরাসরি বিজেপি-র ঝাণ্ডার তলায় চলে আসবেন তাঁর আগে পার্টি অফিসগুলিতে নিজেদের অস্তিত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ন। সেকথা মাথায় রেখেই স্থানীয় বিজেপি কর্মীদের সাথে নিয়ে নিজেদের পার্টি অফিস গুলিতে মধ্যেরাতে বিজেপি-র ঝান্ডা লাগিয়ে দেয় তাঁরা। শুভেন্দু অধিকারীর তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগ করার খবরে আপ্লুত বিজেপি-র বহু নেতা কর্মী। কিন্তু এখনও অফিসিয়ালি যোগ দেননি তিনি।







