ভবানীপুরের জন্যে ‘স্পেশাল’ ইস্তাহার প্রকাশ শুভেন্দুর, চার আশ্বাস মমতার কেন্দ্রে!

ভবানীপুরে পৃথক ইস্তাহার প্রকাশ শুভেন্দুর, সংকল্পপত্রের আগেই চার দফা প্রতিশ্রুতি দিয়ে মমতার আসনে সরাসরি চ্যালেঞ্জ বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা ভোটের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র করল বিজেপি। রাজ্যস্তরের সংকল্পপত্র এখনও প্রকাশ না হলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন ভবানীপুরকে কেন্দ্র করে আলাদা ইস্তাহার প্রকাশ করে চমক দিলেন শুভেন্দু অধিকারী। ‘বিকশিত ভবানীপুর’ নামের এই বিশেষ রূপরেখায় সরাসরি স্থানীয় সমস্যাগুলিকে নিশানা করে চার দফা প্রতিশ্রুতি তুলে ধরে বিজেপি স্পষ্ট বার্তা দিল—এই কেন্দ্র দখল করতেই তারা মরিয়া।

বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। তার আগেই রাজনৈতিক ময়দান গরম করতে এই পৃথক ইস্তাহার প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতেই রোড শো করে মনোনয়ন জমা দেবেন তিনি, যা এই লড়াইয়ের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

‘বিকশিত ভবানীপুর’ ইস্তাহারে চারটি মূল প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়েছে—পরিকাঠামো ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলার জোরদারকরণ, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং যুবকল্যাণ। এলাকার প্রতিটি বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন শুভেন্দু। পাশাপাশি বেহাল রাস্তার সংস্কার, উন্নত সড়ক নির্মাণ এবং আধুনিক জলনিকাশি ব্যবস্থার প্রতিশ্রুতিও রয়েছে।

কলকাতায় বর্ষার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে সামনে রেখে এই সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলিতে উন্নত পরিষেবা এবং ‘দালালমুক্ত’ পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও উল্লেখযোগ্যভাবে জায়গা পেয়েছে।

ব্যবসায়ীদের জন্যও বিশেষ বার্তা রয়েছে এই ইস্তাহারে। গয়নার দোকানে হামলা, তোলাবাজি এবং ভয়ভীতির রাজনীতি বন্ধ করে নিরাপদ ব্যবসার পরিবেশ গড়ার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। অবৈধ নির্মাণ, জোরপূর্বক সম্পত্তি দখল ও রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশি ব্যবস্থার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জোর দিয়ে বলা হয়েছে।

এছাড়াও, আদিগঙ্গার সংস্কার করে ঘাটগুলিকে পুনরুজ্জীবিত করা, কালীঘাটের কুমোর ও মৃৎশিল্পীদের জন্য বিশেষ সহায়তা এবং ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলিকে রাজনীতির বাইরে রাখার বার্তা দেওয়া হয়েছে। যুব সমাজের জন্য স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি এবং নেশামুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতিও রয়েছে এই পরিকল্পনায়।

উল্লেখযোগ্য বিষয়, বিজেপি ইতিমধ্যেই রাজ্যজুড়ে ‘চার্জশিট’ প্রকাশ করে শাসক দলকে আক্রমণ করেছে। তবে সংকল্পপত্র প্রকাশের আগেই একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা ইস্তাহার প্রকাশ—এমন কৌশল এই প্রথম। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দুর লড়াইকে বিজেপি যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, এই পদক্ষেপে তা স্পষ্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর