নজরবন্দি ব্যুরোঃ রাজ্য বনাম রাজ্যপালের পর্ব সমাপ্তি ঘোষণা হয়েছে। ধনকড়ের পরে স্থায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায়নি বিজেপির কোনও প্রতিনিধিদের। আমন্ত্রণ পেতে নয়া রাজ্যপালের সঙ্গে এই প্রথমবার দেখা করতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে বিরাট তালিকা তৈরি করছেন বিজেপির দুই শীর্ষ স্তরের নেতা। অভিযোগের তালিকা নিয়ে বোস সাক্ষাতে শুভেন্দু-সুকান্ত।
রাজনৈতিক মহলের বিশ্লেষণ, জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন রাজ্যের সঙ্গে রাজভবনের সম্পর্কের তিক্ততা বেড়েছিল। যা পরোক্ষভাবে বিজেপির পালে হাওয়া লাগিয়েছিল। কিন্তু বর্তমান এবং সদ্য প্রাক্তন রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সুসম্পর্ক রাজ্যের বিরোধী আসনে থাকা বিজেপির কাজ মসৃণ করে তুলতে অক্ষম হচ্ছে।

সূত্রের খবর, এদিনের বৈঠকে আবাস যোজনার কথা তুলে ধরতে পারেন শুভেন্দুরা। যেভাবে একের পর এক সভা থেকে আবাস যোজনাকে হাতিয়ার করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিজেপি আক্রমণ শানাচ্ছে তাতে স্পষ্ট আবাস যোজনা নিয়ে বিজেপির হাতে পাওয়া সমস্ত তথ্য ও কারচুপির অভিযোগ সম্পর্কে রাজ্যকে অবগত করতে চাইছেন তাঁরা।

একইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা সম্পর্কে রাজ্যকে অবগত করতে চায় বিজেপি। কোচবিহার, বীরভূম, মালদহ এবং পূর্ব মেদিনীপুরে বিস্ফোরণের ঘটনা নিয়েও সরব হতে চায় বিজেপি। একইসঙ্গে নিত্যদিন বোমা উদ্ধারের ঘটনা নিয়েও সরব হবে বিজেপি। এখানেই শেষ নয়, আগামী বাজেট অধিবেশনে বিজেপির রণনীতি সম্পর্কে অবগত করতে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু ও সুকান্তরা।
অভিযোগের তালিকা নিয়ে বোস সাক্ষাতে শুভেন্দু-সুকান্ত, তৈরি হচ্ছে বিরাট তালিকা

অভিযোগের তালিকা দীর্ঘ হলেও এখনও স্পষ্ট করে কী বিষয় নিয়ে আলোচনা হবে? তা নিয়ে মুখ খোলেননি সুকান্ত এবং শুভেন্দু। তবে রাজ্যপালের আমন্ত্রণ সম্পর্কে সুনিশ্চিত করেছেন বালুরঘাটের সাংসদ। দীর্ঘ অভিযোগের তালিকা হাতে পেয়ে ধনকড়ের মতোই তৎপর হবেন সিভি আনন্দ বোস? প্রশ্ন রাজনৈতিক মহলে।



