নজরবন্দি ব্যুরোঃ একসাথে কাজ করার বার্তা! শুভেন্দু বার্তায় বরফ গলার ইঙ্গিত! বেশ কদিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব প্রকট হয়েছে। নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন শুভেন্দু। কিন্ত ভবিষ্যতে কোন পথে হাঁটবেন, তা নিয়ে টু শব্দটি করেন নি। একই ভাবে তৃণমূলের তরফেও ধোঁয়াশা বজায় রাখা হয়েছে। দ্বিমুখী নীতি নিয়েছে তৃণমূল, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন শুভেন্দুকে আক্রমণ শানাচ্ছেন। অন্যদিকে তখন নরম বার্তা দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দুশেখর রায় বা কাকলি ঘোষ দস্তিদাররা।
আরও পড়ুনঃ বকেয়া টাকার দাবিতে সোচ্চার মুখ্যমন্ত্রী, কেন্দ্রের সঙ্গে একযোগে টিকা দিতে সম্মত রাজ্য


সেই পরিস্থিতির মধ্যে সোমবার সন্ধ্যায় উত্তর কলকাতার কাছে একটি জায়গায় বৈঠকে বসেন সৌগত রায় এবং শুভেন্দু। প্রায় দেড় ঘন্টা বৈঠক চলে তাঁদের। কিন্তু বৈঠকে কি কথা হল তা নিয়ে মুখ খোলেন নি উভয়েই। এদিকে খেজুরিতে শুভেন্দু অধিকারী পদযাত্রা করেন। আর সেই পদযাত্রা থেকেই একসঙ্গে কাজ করার জন্য সকলকে আমন্ত্রণ জানান শুভেন্দু।
মঙ্গলবার পূর্ব মেদিনিপুরের খেজুরির পথসভা থেকে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে হারমাদদের হারিয়ে স্বাধীনতা এসেছে। সেই দিন পালন করা হয় প্রতি বছর। প্রতি বছরের মতো এই বছরেও অনুষ্ঠানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই সকলকে একসঙ্গে কাজ করার ডাক দেন তিনি। এদিন বেলা ১১টা নাগাদ খেজুরিতে পদযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ স্থানীয় তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল ও দক্ষিণ কাঁথির তৃণমূল বিধায়ক বনশরী মাইতি।
এদিন অনুষ্ঠানের মাঝেই এলাকায় ছোলা বাতাসা বিতরণ করেন শুভেন্দু। তিনি বলেন, নিজেদের বাক স্বাধীনতা বজায় রাখার জন্য সমস্ত রকম ভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আগামী বছর শাসক দলের ব্যানারে আয়োজিত হবে এই অনুষ্ঠান। এবং খুব অল্প সময়ে এত মানুষকে একত্রিত করার জন্য কর্মী সমর্থকদের সাধুবাদ জানান তিনি। রাজ্য পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর একসঙ্গে কাজ করার বার্তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে তাহলে কি বরফ গলেছে সৌগত রায়ের সাথে আলাপ চারিতায়?









