নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব করেছে সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার সকাল ১১টার মধ্যে অনুব্রত মণ্ডলকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে। এদিকে অনুব্রত মন্ডল ছুটছেন হাসপাতালের দরজায়। যদিও ফিরিয়ে দিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনার পর রিস্ক নিতে চাইছে না কলকাতার সর্বশ্রেষ্ঠ হাসপাতাল।
আরও পড়ুনঃ পার্থর নিতম্বে ব্যথা, জ্বরে বেহুঁশ বান্ধবী আর্পিতা, ফাই ফরমাশ খাটছেন সহ বন্দিরা


সোমবার তাঁকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা। তবে সিবিআই দফতর এড়িয়ে অনুব্রত সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি হাজিরা এড়ালেও সিবিআই ছাড়তে নারাজ। তাই একদিনের মধ্যেই আবার তলব করা হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিজাম প্যলেসে তাঁকে হাজির দেওয়ার কথা বলা হয়েছে।

এদিকে অনুব্রতর তলব প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন সহকর্মী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে তুলোধনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেছেন, “ওকে তো ব্যাগ গোছানোরও সময় দেওয়া উচিত নয়। এক কাপড়ে তুলে নিয়ে যাওয়া উচিত।”


ব্যাগ গোছানোরও সময় যেন না পায়, অনুব্রতকে বেনজির আক্রমণ শুভেন্দুর

অনুব্রতকে নিশানা করে শুভেন্দু বলেন, “এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। একটা লোক আটবার ডাকার পরেও যায়নি। চার্জশিটে নাম উল্লেখ করেছে। তাঁকে ব্যাগ গোছানোরও সময় দেওয়া উচিত নয়। এক কাপড়ে তুলে নিয়ে চলে যাওয়া উচিত।”

এদিকে আজ সকালেই অনুব্রত মণ্ডলকে দেখতে তাঁর বাড়িতে যায় বোলপুর মহকুমা হাসপাতালের পাঁচ সদস্যের মেডিক্যাল টিম। পরীক্ষা-নিরীক্ষার পর বীরভূমের তৃণমূল জেলা সভাপতির একাধিক শারীরিক সমস্যার কথা জানিয়েছেন চিকিৎসক চন্দ্রনাথ সরকার। তিনি জানান, অনুব্রতের স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সমস্যা রয়েছে। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে অর্শের সমস্যা।







