বাংলার নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার প্রায় তিন সপ্তাহ পর অবশেষে মন্ত্রিসভার সম্প্রসারণের পথে শুভেন্দু অধিকারী সরকার। সূত্রের খবর, নতুন মন্ত্রীদের নাম প্রায় চূড়ান্ত এবং আগামী সোম বা মঙ্গলবারের মধ্যেই হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। দপ্তর বণ্টন নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে বলে খবর। সেই বৈঠকেই সম্ভাব্য মন্ত্রীদের তালিকা ও দায়িত্ব বণ্টনের খসড়া তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।


বিজেপি সূত্রে খবর, আগামী ২৯ মে দিল্লি থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুমোদন আসতে পারে। এরপরই সপ্তাহান্তে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই শেষ মুহূর্তের সমীকরণ মিলিয়ে চূড়ান্ত করা হবে মন্ত্রিসভার রূপরেখা।
এবারের মন্ত্রিসভায় নতুন ও তরুণ মুখের পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও গুরুত্ব দেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলছে। রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং শহরাঞ্চলের প্রতিনিধিত্বের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও সূত্রের দাবি।
দলীয় সংগঠন এবং প্রশাসনের মধ্যে সমন্বয় আরও মজবুত করতেই এই সম্প্রসারণ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে নির্বাচনের পর নতুন সরকারের প্রশাসনিক গতি বাড়াতেই দ্রুত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের চাপ বাড়ছিল।


সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহেই নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। ফলে রাজ্য রাজনীতিতে নতুন ক্ষমতার সমীকরণ ও দপ্তর বণ্টন নিয়ে কৌতূহল ক্রমশ বাড়ছে।
উল্লেখ্য, গত ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। তবে তখন পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়নি।
সেই সময় থেকেই জল্পনা চলছিল খুব দ্রুত মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। প্রায় তিন সপ্তাহ পর সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। এখন নজর শুধুই— কারা জায়গা পাচ্ছেন শুভেন্দুর নতুন টিমে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



