মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম লোকভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে তাঁদের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্যের নতুন সরকারের একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত ও আসন্ন বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেই মনে করা হচ্ছে।
বুধবার দুপুর ১২টার কিছু আগে লোকভবনে পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান রাজ্যপাল আর এন রবি। সৌজন্য সাক্ষাতের পর দু’জনের মধ্যে কিছুক্ষণ একান্তে আলোচনা হয়।


মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই শুভেন্দুর প্রথম আনুষ্ঠানিক রাজ্যপাল-সাক্ষাৎ। এর আগে গত ৮ মে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণার দিনই তিনি লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবিপত্র জমা দিয়েছিলেন।

নতুন সরকার ইতিমধ্যেই একাধিক জনমুখী প্রকল্পের কাজ শুরু করেছে। প্রশাসনিক স্তরে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। সেই আবহেই রাজ্যপালের সঙ্গে শুভেন্দুর এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আগামী মাসেই রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার কথা। সাংবিধানিক রীতি অনুযায়ী, বাজেট অধিবেশনের সূচনা করেন রাজ্যপাল। ফলে সেই বিষয়টিও আলোচনায় উঠে এসে থাকতে পারে বলে প্রশাসনিক সূত্রের অনুমান।


এছাড়া মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে সামনে। নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান লোকভবনেই হওয়ার কথা। সেই সংক্রান্ত প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন সরকারের প্রশাসনিক রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল রবির এই সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



