নজরবন্দি ব্যুরোঃ অমিতের আহ্বানে চার্টার্ড প্লেনে দিল্লী গেলেন, নন্দীগ্রামে মমতাকে হারানোর প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। আপাতত যা ঠিক আছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এদিন নিজেও সেই ইঙ্গিত দেন, পাশাপাশি দেন প্রতিশ্রুতি। আজ পিংলার জনসভা থেকে শুভেন্দু হুঙ্কার দিয়ে বলেন, নন্দীগ্রামে মমতা কে হারানোর শপথ নিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, “আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কে হারাব, নিশ্চিত ভাবেই হারাব।”
আরও পড়ুনঃ চুনিবালা হাঁসদার কন্যা, সাঁওতালি অভিনেত্রী বীরবাহা যোগ দিলেন তৃণমূলে।
অমিতের আহ্বানে চার্টার্ড প্লেনে দিল্লী গেলেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, আজই দিল্লীতে বঙ্গ বিজেপির নেতাদের যাওয়ার কথা ছিল বাংলার সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে। তবে যাওয়ার কথা ছিলনা শুভেন্দু অধিকারীর। কলকাতা থেকে প্রার্থী তালিকা বোঝাই চাটার্ড প্লেন ওড়ার কিছুক্ষন আগে অমিত শাহের নির্দেশ আসে শুভেন্দুর কাছে। এরপর কালবিলম্ব না করে চাটার্ড ফ্লাইটে চড়ে দিল্লি পাড়ি দেন তিনি।

বিজেপির প্রথা অনুযায়ী দিল্লীতে পার্টির সদর দফতর থেকেই ঘোষণা হবে প্রার্থীদের নাম। মঙ্গলবার দিল্লীতে নির্বাচন কমিটির বৈঠক রয়েছে। সেখানেই প্রথম দুই দফার ৬০টি আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। এই ৬০ টি আসনের জন্যে প্রায় ৩০০ জনের তালিকা তৈরি করেছে রাজ্য বিজেপি। সেই তালিকা নিয়ে আজ রাতেই দিল্লিতে পৌঁছচ্ছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয় এবং শুভেন্দু অধিকারী।
কিন্তু ৬০ আসনের জন্যে ৩০০ প্রার্থী কেন? বিজেপি সূত্রে খবর, প্রার্থী হতে চাওয়ার তালিকায় রয়েছেন মহিলা মোর্চার জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষক, এসটি মোর্চার জেলা সভাপতি, যুব মোর্চার সাধারণ সম্পাদক, জেলার যুব মোর্চার রাজ্য নেতা, বিজেপির মুখপাত্র, শিক্ষক সংগঠনের একাধিক জেলা নেতা, বিজেপির জেলা সম্পাদক-সহ বিভিন্ন মন্ডলের সভাপতিরাও। তৃণমূল বা অন্য দল থেকে আগত নেতাদের আসন গুলি বাদ দিয়ে আসন পিছু ৫টি নাম দিল্লীতে পাঠাচ্ছে রাজ্য নেতৃত্ব। প্রার্থী হতে চাওয়ার বহর দেখে রীতিমত বিড়ম্বনায় পড়েছেন বিজেপির ভোট ম্যানেজাররা।



