ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ইস্যুকে সামনে রেখেই ফলতার মাটি থেকে বড় রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নির্বাচনী প্রচারে গিয়ে তিনি ঘোষণা করেন, ২০২১ সালের ভোট-পরবর্তী অশান্তিতে নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করবে সরকার। একই সঙ্গে আক্রান্ত কর্মীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
ফলতায় নির্বাচনী কর্মসূচির মঞ্চ থেকে শুভেন্দু বলেন, ভোটের পরে যাঁরা আক্রান্ত হয়েছেন বা যাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের তথ্য সরাসরি প্রশাসনের কাছে পৌঁছনো উচিত। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে তিনি নির্দেশ দেন, আক্রান্ত কর্মীদের তালিকা তাঁর কাছে পাঠাতে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গও। সেই সময় রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছিল। বিজেপির অভিযোগ ছিল, বহু কর্মী আক্রান্ত হয়েছেন এবং কয়েকজন প্রাণও হারিয়েছেন।
মঙ্গলবারের প্রচারসূচিতে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ধর্মীয় আচারেও অংশ নেন শুভেন্দু। ফলতার বাণেশ্বর শিবমন্দিরে পুজো দেন তিনি। এরপর দিনভর কর্মসূচিতে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ভোট-পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সঙ্গে সরাসরি দেখা করার পরিকল্পনাও রয়েছে মুখ্যমন্ত্রীর। এমনকী নিহত এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করার কথাও জানিয়েছেন তিনি।
গত শনিবার মুখ্যমন্ত্রী হওয়ার পর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। এরপর ফলতায় কর্মীসভা করে তিনি জানিয়েছিলেন, নির্বাচনের আগে আবার এলাকায় ফিরবেন। সেই প্রতিশ্রুতি মতো মঙ্গলবার দিনভর ফলতায় প্রচার চালান তিনি।
উল্লেখ্য, ফলতা কেন্দ্রের ভোটগ্রহণ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন গোটা প্রক্রিয়া বাতিল করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। আগামী ২১ মে সেখানে ফের ভোটগ্রহণ হবে এবং ২৪ মে ফল ঘোষণা হওয়ার কথা।
প্রচারের শেষ দিনে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ রোড শো-সহ একাধিক কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে আবেগ ও সংগঠন— দুই দিকেই বার্তা দিতে চেয়েছেন শুভেন্দু।



