মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাশ করাতে পশ্চিমবঙ্গের সাংসদদের সমর্থন নিশ্চিত করতে তৎপর বিজেপি। সেই লক্ষ্যেই রবিবার দিল্লি পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে আয়োজিত নৈশভোজে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল ছেড়ে সদ্য গঠিত ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দেওয়া ২০ জন সাংসদকেও। সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনের আগে এই রাজনৈতিক সমীকরণ যথেষ্ট গুরুত্বপূর্ণ।
দুটি বিলের মধ্যে বিশেষ করে ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। ফলে বিরোধী শিবির থেকে বেরিয়ে আসা সাংসদদের ভোট বিজেপির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কারণেই পশ্চিমবঙ্গের সাংসদদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে উদ্যোগী হয়েছেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে যত বেশি সম্ভব সাংসদের সমর্থন বিলের পক্ষে নিশ্চিত করার চেষ্টা করবেন।
রবিবারের নৈশভোজের আয়োজন করেছেন সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপির সাংসদদের পাশাপাশি NCPI-র ২০ জন সাংসদকেও এই বৈঠকে ডাকা হয়েছে। দলের সংসদীয় কৌশল, বিলের বিষয়বস্তু এবং ভোটাভুটিতে সাংসদদের উপস্থিতি নিশ্চিত করাই এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য বলে জানা গিয়েছে।
শুধু রবিবারের নৈশভোজেই শেষ হচ্ছে না সাংসদদের সঙ্গে যোগাযোগের এই পর্ব। সোমবার কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনেও NCPI সাংসদদের নিয়ে বৈঠক ও মধ্যাহ্নভোজের পরিকল্পনা রয়েছে বলে খবর। সেখানেও শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া দিল্লি যাওয়ার আগে এই আমন্ত্রণের কথা জানিয়েছেন। তিনিই NCPI-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের অন্যতম।
এদিকে, এই ২০ জন সাংসদকে ঘিরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে NCPI-র সংঘাত আরও বেড়েছে। লোকসভার নথিতে তাঁদের নাম এখনও তৃণমূলের সাংসদ হিসেবেই রয়েছে। অন্যদিকে, তাঁরা নিজেদের NCPI সাংসদ বলে দাবি করছেন। এই পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশনে তাঁদের ভোটদানের অধিকার ও দলীয় হুইপ নিয়ে আইনি এবং সংসদীয় জটিলতা তৈরি হয়েছে।
বিলের পক্ষে ওই সাংসদদের ভোট আটকাতে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ জারি করেছেন। পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়েছেন তিনি। অন্যদিকে, NCPI-র নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাঁরা আর তৃণমূলের সঙ্গে নেই এবং দলের হুইপ মানতে বাধ্য নন।
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকও এই রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বৈঠকের পর সুদীপ জানিয়েছেন, ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ—দুই বিলের পক্ষেই ভোট দেবেন তাঁরা। তাঁর বক্তব্য, তৃণমূলের হুইপ তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যদিকে, NCPI সাংসদদের জন্য পৃথক হুইপ জারি করতে পারেন কাকলি ঘোষ দস্তিদার।
তবে হুইপ জারি নিয়ে জটিলতা এখানেই শেষ নয়। তৃণমূলের মুখ্য সচেতক পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বসানোর সিদ্ধান্ত নেওয়া হলেও লোকসভার স্পিকারের সচিবালয়ের নথিতে এখনও কাকলি ঘোষ দস্তিদারের নাম রয়েছে বলে খবর। ফলে সোমবারের অধিবেশনের আগে কাকলির তরফেও পৃথক হুইপ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিলকে ঘিরে দিল্লির রাজনীতিতে এখন বাংলার সাংসদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সমর্থন জোগাড়ের চেষ্টা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুইপ দিয়ে দলীয় নিয়ন্ত্রণ বজায় রাখার উদ্যোগ। সংসদে ভোটাভুটির আগে এই দুই শিবিরের টানাপড়েন কোন দিকে যায়, তার উপর নির্ভর করছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ।



