স্ট্যালিনকে জড়িয়ে ধরলেন রাহুল গান্ধী, তবু কি বরফ গলল না? ডিলিমিটেশন বিল ঘিরে শেষ মুহূর্তে INDIA-র বৈঠক

সংসদে ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধীদের ঐক্য ফেরানোর চেষ্টা রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। চেন্নাইয়ে স্ট্যালিনের সঙ্গে বৈঠক হলেও ডিএমকে কি সিদ্ধান্ত বদলাবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধী জোটের অন্দরে ফাটল মেরামতের শেষ চেষ্টা করল ‘ইন্ডিয়া’ (INDIA) শিবির। রবিবার চেন্নাইয়ে ডিএমকে (DMK) প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে-সহ বিরোধী জোটের শীর্ষ নেতারা। সাক্ষাতের সময় স্ট্যালিনকে জড়িয়ে ধরেন রাহুল। কিন্তু ব্যক্তিগত সৌজন্যের সেই মুহূর্তে রাজনৈতিক দূরত্ব কতটা কমল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, কেন্দ্রের ডিলিমিটেশন বিলে সমর্থনের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনও ইঙ্গিত দেয়নি ডিএমকে।

সংসদের বিশেষ অধিবেশনে সোমবার থেকেই ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। তার আগে ডিএমকে এবং শরদ পওয়ারের এনসিপি (এসপি)-কে নিজেদের অবস্থান বদলানোর অনুরোধ জানাতে রবিবার শেষ মুহূর্তের উদ্যোগ নেয় বিরোধী জোট। চেন্নাইয়ে স্ট্যালিনের সঙ্গে বৈঠকের পর মুম্বইয়ে শরদ পওয়ারের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে বিরোধী নেতাদের।

বৈঠকে শুধু কংগ্রেস নয়, তৃণমূলের তরফেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি-সহ একাধিক বিরোধী নেতা এই প্রতিনিধি দলে ছিলেন। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পরিবর্তে প্রতিনিধি হিসেবে ভি ডি সতীশন এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও প্রতিনিধি দলে যোগ দেন। মূল উদ্দেশ্য ছিল, সংসদে বিলের বিরোধিতা করতে স্ট্যালিনকে রাজি করানো।

কিন্তু সমস্যা হল, কংগ্রেস ও ডিএমকের সম্পর্ক আগের জায়গায় নেই। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর ডিএমকে নেতৃত্বাধীন জোট ছেড়ে অভিনেতা বিজয়ের দল টিভিকে-র সঙ্গে হাত মিলিয়েছিল কংগ্রেস। সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ স্ট্যালিন শিবিরের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়ে। ডিএমকের অভিযোগ ছিল, রাজনৈতিক সুবিধার জন্য জোটসঙ্গীকে ছেড়ে গিয়েছে কংগ্রেস। তারপর থেকেই বিরোধী জোটের একাধিক কর্মসূচিতে ডিএমকের উপস্থিতি ছিল না।

এর মধ্যেই শনিবার ডিলিমিটেশন বিলকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করে ডিএমকে। দলের সাংসদদের বৈঠকের পর স্ট্যালিন জানান, কেন্দ্র তাদের গুরুত্বপূর্ণ দাবিগুলি মেনে নিয়েছে। তামিলনাড়ুর লোকসভা আসনের বর্তমান ৭.১৮ শতাংশ অংশীদারিত্ব বজায় রাখা এবং রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত ২৫ বছর অপরিবর্তিত রাখার বিষয়টি সেই দাবির মধ্যে রয়েছে।

রবিবার সকালে কংগ্রেস সভাপতি খাড়্গের সঙ্গে দেখা করে ডিএমকে সাংসদ কানিমোঝিও স্পষ্ট করে দেন, বিল সমর্থনের সিদ্ধান্ত থেকে তাঁদের দল পিছিয়ে আসবে না। এরপরেও বিরোধী নেতারা স্ট্যালিনের সঙ্গে দেখা করেন। রাহুলের আবেদনের জবাবে স্ট্যালিন জানান, সংবিধান ও রাজ্যের অধিকার রক্ষায় ডিএমকের ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতি দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। তবে তামিলনাড়ুর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অবস্থান থেকে সরে আসবেন না। তাঁর কথায়, ইতিহাস তাঁদের বিশ্বাসঘাতক হিসেবে নয়, বীর কাট্টাবোম্মান হিসেবেই মনে রাখবে।

অর্থাৎ, রাহুলের আলিঙ্গন ও বিরোধী নেতাদের সম্মিলিত উদ্যোগ সত্ত্বেও ডিএমকের রাজনৈতিক অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মেলেনি। সংসদে সোমবার ডিলিমিটেশন বিল পেশের আগে বিরোধী জোটের ঐক্য ফের বড় পরীক্ষার মুখে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর