আমেরিকার মিনেসোটায় উবের চালককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূত এক যুবকের বিরুদ্ধে। যাত্রীর কাছে নিজের নাম ‘মহম্মদ’ বলতেই নাকি আপত্তি জানিয়েছিলেন তিনি। সেই ঘটনা থেকেই বিবাদের সূত্রপাত বলে অভিযোগ। এরপর চালকের গলায় সিটবেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ, গাড়ি থেকে টেনে নামিয়ে তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যাত্রীর বিরুদ্ধে। প্রায় দু’সপ্তাহ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শনিবার, ২৮ নভেম্বর মৃত্যু হয়েছে ৫১ বছর বয়সি চালক মহম্মদ ইউসুফের।
ঘটনায় অভিযুক্তের নাম সমিত অপূর্ব প্যাটেল (Samit Apurva Patel)। বয়স ২৫ বছর। মিনেসোটার হপকিন্সের বাসিন্দা এই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করে আদালতে তোলা হয়েছিল। প্রথমে তাঁর বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির খুনের চেষ্টা এবং গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়। ইউসুফের মৃত্যুর পর দ্বিতীয় ডিগ্রির ইচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা সংশোধনের কথা জানিয়েছেন হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি।
ঘটনাটি ঘটে গত ১৪ নভেম্বর। অভিযোগপত্র অনুযায়ী, গভীর রাতে মিনিয়াপোলিসের একটি পানশালার কাছ থেকে যাত্রী প্যাটেলকে গাড়িতে তোলেন উবের চালক ইউসুফ। সেই সময় নিজের ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। তাঁর ভাইও পেশায় উবের চালক। গাড়ির অডিয়ো সিস্টেমের মাধ্যমে ফোনের সংযোগ চালু থাকায় পরবর্তী কথোপকথনের বেশ কিছু অংশ শুনতে পান তিনি।
যাত্রাপথে প্যাটেল চালকের নাম জানতে চান। ইউসুফ নিজের নাম মহম্মদ বলতেই যাত্রী আপত্তি জানান বলে অভিযোগ। চালকের ভাইয়ের দাবি, ফোনে তিনি শুনেছিলেন প্যাটেল বলছেন, ওই নাম তাঁর পছন্দ নয়। প্রথমে বিষয়টি কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকলেও পরে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
অভিযোগ, কিছুক্ষণ পরেই ফোনের ওপারে ইউসুফের চিৎকার শুনতে পান তাঁর ভাই। তিনি চিৎকার করে জানাচ্ছিলেন, যাত্রী সিটবেল্ট দিয়ে তাঁর গলা চেপে ধরেছে। এরপর হঠাৎ ফোনের অন্য প্রান্তে নেমে আসে নীরবতা। কিছুক্ষণ পর আবার ইউসুফের আর্তনাদ শোনা যায়। তিনি জানাচ্ছিলেন, তাঁর নিজের গাড়ি দিয়েই তাঁকে পিষে দেওয়া হচ্ছে।
পুলিশের তদন্তে জানা গিয়েছে, পরে রাস্তার পাশের একটি খাদ থেকে গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করা হয়। তাঁর গাড়িটি পাওয়া যায় অভিযুক্তের বাড়ির বাইরে। গুরুতর শারীরিক আঘাতের পাশাপাশি তাঁর পাঁজর ও পা ভেঙে গিয়েছিল, মেরুদণ্ডে চোট লেগেছিল এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে একাধিক অস্ত্রোপচারও করতে হয়।
প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইউসুফ। কিন্তু শেষরক্ষা হয়নি। শনিবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোড়ন ছড়িয়েছে মিনেসোটায়। ইউসুফের পরিবারের পাশাপাশি সোমালি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে।
এদিকে, অভিযুক্ত প্যাটেলকে ১৮ নভেম্বর ৮ লক্ষ ডলারের শর্তসাপেক্ষ জামিনে মুক্তি দেওয়া হয়। তাঁর উপর ইলেকট্রনিক নজরদারি-সহ একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউসুফের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন কাউন্টি অ্যাটর্নি।
তবে ঘটনাটিকে জাতিগত বিদ্বেষ থেকে সংঘটিত অপরাধ বলে এখনও চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করা যায়নি। প্রসিকিউটর মেরি মরিয়ার্টির বক্তব্য, শুধুমাত্র নাম নিয়ে আপত্তির অভিযোগের ভিত্তিতে আদালতে বিদ্বেষমূলক উদ্দেশ্য প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য তাঁদের হাতে নেই। তদন্তে সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের আইনজীবীও ইউসুফের মৃত্যুতে শোক প্রকাশ করে বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগে জনসাধারণকে কোনও সিদ্ধান্তে না পৌঁছনোর আবেদন জানিয়েছেন।



