বাংলাদেশে আজ রবিবার থেকে ৪৮ ঘণ্টার লকডাউন! হাসিনার ফাঁসি রদ-সহ ৮ দফা দাবিতে আওয়ামি লিগের কর্মসূচি

শেখ হাসিনার সাজা প্রত্যাহার, আওয়ামি লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজনৈতিক বন্দিদের মুক্তি-সহ আট দফা দাবিতে রবিবার ও সোমবার ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির ডাক। নিরাপত্তায় ১২০ প্লাটুন বিজিবি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশে রবিবার ও সোমবার টানা দু’দিনের লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ। শেখ হাসিনার সাজা প্রত্যাহার, দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি-সহ আট দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। লকডাউন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঢাকা-সহ সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) মোতায়েন করেছে প্রশাসন। বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।

গত ১৯ নভেম্বর এক দিনের লকডাউন কর্মসূচির পর ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই নতুন করে এই কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামি লিগ। অনলাইনে প্রচারের পাশাপাশি শুক্রবার রাত থেকে দেশের বিভিন্ন প্রান্তে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলের নেতা-কর্মী-সমর্থকেরা। গোপালগঞ্জ-সহ একাধিক জেলায় এই মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।

শুক্রবার রাত থেকেই রাজধানী ঢাকা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাওয়ার রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। সন্দেহভাজন যানবাহন থামিয়ে পরীক্ষা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি বিভিন্ন এলাকায় বিএনপির কর্মীদেরও নিজস্ব উদ্যোগে চেকপয়েন্ট তৈরি করে গাড়ি তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে।

শনিবারও গোপালগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় মশাল মিছিলের খবর পাওয়া গিয়েছে। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং গ্রেপ্তারের ঘটনাও সামনে এসেছে। লকডাউনের আগে ঢাকা-চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, মানিকগঞ্জ, পিরোজপুর ও সাভার-সহ একাধিক এলাকায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে খবর। ফলে রবিবার ও সোমবার দূরপাল্লার বাস এবং অন্যান্য পরিবহণ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মশাল মিছিল ঘিরে উত্তেজনা, নিরাপত্তায় বাড়তি বাহিনী

শুক্রবার রাতে আওয়ামি লিগের কর্মসূচির সমর্থনে গোপালগঞ্জে বড় মশাল মিছিল বের হয়। কয়েক কিলোমিটার দীর্ঘ ওই মিছিলের পাশাপাশি জেলার সদর, কোটালিপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। লক্ষ্মীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, নড়াইল, মাগুরা ও বরিশালের বিভিন্ন এলাকাতেও মিছিলের খবর পাওয়া গিয়েছে।

এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সরকার। বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এর তরফে জানানো হয়েছে, ঢাকা-সহ সাত জেলায় মোট ১২০ প্লাটুন বাহিনী মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিশেষ করে শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান এবং পরিবহণের রাস্তাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী ৩০টি জেলাতেও পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB), বিজিবি, আনসার এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্যরা যৌথভাবে টহল চালাচ্ছেন।

পরিস্থিতির উপর নজর রাখতে বিজিবির সদর দপ্তরে বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থাও চালু রয়েছে। ড্রোন, সিসিটিভি এবং বাহিনীর সদস্যদের ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আন্দোলন জোরদারের হুঁশিয়ারি আওয়ামি লিগের

আওয়ামি লিগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের দাবি, এবারের লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাবে। তাঁর বক্তব্য, দেশের পরিবহণ ব্যবস্থা এবং শিল্পাঞ্চল অচল হয়ে পড়তে পারে। দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও ঘোষিত সাজা বাতিলের দাবিও ফের তুলেছেন তিনি।

উল্লেখ্য, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য তারিখ ১৬ ডিসেম্বর বলে তাঁর দলের তরফে জানানো হয়েছে। সেই ঘোষণাকে কেন্দ্র করেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। ফলে ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচির পাশাপাশি ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতির দিকেও নজর রয়েছে প্রশাসনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর