সূর্যকুমার যুগের অবসান! টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারাচ্ছেন স্কাই, দৌড়ে এগিয়ে কে?

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে নতুন নেতৃত্বের পথে বিসিসিআই? শ্রেয়স আইয়ারসহ একাধিক নাম নিয়ে জোর জল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে আর জাতীয় দলের নেতৃত্বে দেখা যাবে না বলেই জোর জল্পনা। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে নতুন অধিনায়কের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।

২০২৪ সালে রোহিত শর্মার অবসরের পর ভারতের টি-টোয়েন্টি দলের স্থায়ী অধিনায়ক করা হয়েছিল সূর্যকুমার যাদবকে। সেই সময় তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার এবং আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। নেতৃত্বের লড়াইয়ে তিনি হার্দিক পাণ্ডিয়াকেও পিছনে ফেলেছিলেন।

অধিনায়ক হিসেবে সূর্যকুমারের সাফল্য নিয়ে কোনও প্রশ্ন নেই। তাঁর নেতৃত্বে ভারত টানা একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। পাশাপাশি এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মতো বড় সাফল্যও এসেছে। তবে নেতৃত্বের সাফল্যের আড়ালে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা নির্বাচকদের চিন্তা বাড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমারের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। জাতীয় দল এবং আইপিএল— দুই ক্ষেত্রেই রান খরার মুখে পড়তে হয়েছে তাঁকে। বিশেষ করে সাম্প্রতিক আইপিএলে প্রত্যাশিত প্রভাব ফেলতে না পারায় তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

বিসিসিআই সূত্রের দাবি, নির্বাচক কমিটি, টিম ম্যানেজমেন্ট এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের মধ্যে একাধিক বৈঠকের পর নতুন নেতৃত্ব গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। বোর্ডের একটি অংশ মনে করছে, আগামী কয়েক বছরের কথা মাথায় রেখে এখনই নতুন অধিনায়ক তৈরির প্রক্রিয়া শুরু করা প্রয়োজন।

নতুন অধিনায়ক নির্বাচনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। আইপিএলে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স এবং নেতৃত্বের অভিজ্ঞতা নির্বাচকদের নজর কেড়েছে। ভারত আগামী দিনে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলবে, তার আগেই নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর।

তবে শ্রেয়সই একমাত্র নাম নন। শুভমান গিল, অক্ষর প্যাটেল, তিলক বর্মা এবং ঈশান কিষাণের নামও আলোচনায় রয়েছে। বোর্ড দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এমন একজন অধিনায়ক চাইছে, যিনি আগামী দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে পারবেন।

একই সঙ্গে শোনা যাচ্ছে, নতুন অধিনায়ক নির্বাচনের পাশাপাশি দলের ব্যাটিং কাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে। শ্রেয়স আইয়ারকে চার নম্বর ব্যাটার হিসেবে ভাবা হচ্ছে এবং সূর্যকুমারের জায়গা নিয়েও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।

যদিও এখনও বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও ক্রিকেটমহলে জোর চর্চা শুরু হয়েছে। শেষ পর্যন্ত সূর্যকুমারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অধ্যায়ের সত্যিই ইতি টানা হয় কি না, সেদিকেই এখন নজর ভারতীয় ক্রিকেট সমর্থকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন