ফাইনালের আগে আত্মবিশ্বাসী সূর্য! বরুণ চক্রবর্তীকে নিয়ে দিলেন বড় বার্তা

ফাইনালের আগে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে উদ্বেগ নেই বলেই জানালেন, দলীয় সাফল্যকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বললেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের আগে আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় শিবির। আহমেদাবাদের Narendra Modi Stadium-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শিরোপা লড়াইয়ের আগে সাংবাদিক সম্মেলনে বেশ স্বচ্ছন্দ মেজাজেই ধরা দিলেন ভারত অধিনায়ক Suryakumar Yadav। দলের প্রস্তুতি, চাপ সামলানো থেকে শুরু করে Varun Chakravarthy-র ফর্ম—সব বিষয়েই আত্মবিশ্বাসী সুর শোনা গেল তাঁর গলায়।

২০২৩ সালের ICC Cricket World Cup 2023-এর ফাইনালে এই মাঠেই হারের স্মৃতি এখনও তাজা ভারতীয় সমর্থকদের মনে। অনেকেই তাই আহমেদাবাদের এই স্টেডিয়ামকে ‘অপয়া’ বলে আখ্যা দেন। তবে সেই সব আলোচনা একেবারেই গুরুত্ব দিতে নারাজ ভারত অধিনায়ক। তাঁর মতে, অতীতের স্মৃতি ভুলে নতুন করে ফাইনালের লড়াইয়ে নামতেই প্রস্তুত ভারতীয় দল।

এদিকে ফাইনালের আগে কথার লড়াইয়ে খানিকটা আগ্রাসী সুর শোনা গিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক Mitchell Santner-এর গলায়। তিনি বলেছিলেন, আহমেদাবাদের দর্শকদের চুপ করানো নয়, বরং তাঁদের হৃদয় ভেঙেই ট্রফি জিততে চায় কিউয়িরা। সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে হাসতে হাসতেই সূর্য বলেন, “এখন দেখছি সবাই প্রায় একই কথা বলছে। একটু নতুন কিছু বলো। ওরা অবশ্যই ভালো দল, তবে আমরাও প্রস্তুত।”

ফাইনালের চাপ যে থাকবেই, তা স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক। তবে তাঁর মতে, চাপ থাকাটাই বড় ম্যাচের আসল আকর্ষণ। সূর্যের কথায়, “চাপ অবশ্যই থাকবে। কিন্তু চাপ না থাকলে মজাও নেই। আমরা বিষয়গুলো সহজ রাখার চেষ্টা করছি। অনুশীলনের সময়ই কঠিন পরিস্থিতির জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত করছি।”

এই টুর্নামেন্টে প্রত্যাশামতো ছন্দে দেখা যায়নি রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে চার ওভারে ৬৪ রান খরচ করেন তিনি। তবে তাতে দলের ভিতরে কোনও উদ্বেগ নেই বলেই জানিয়েছেন সূর্যকুমার। তাঁর কথায়, “ক্রিকেট ১১ জনের খেলা। একজনের দিন খারাপ গেলে অন্যরা সেটা সামলে নেয়। বরুণ বিশ্বের সেরা বোলারদের একজন। ও জানে কীভাবে ম্যাচে ফিরে আসতে হয়।”

অফ স্পিনারদের বিরুদ্ধে ভারতের ব্যাটিং নিয়েও আলোচনা চলছে ক্রিকেট মহলে। তবে সেই বিষয়টিকেও খুব বেশি গুরুত্ব দিতে চান না সূর্য। তাঁর মতে, দলের সাফল্যই আসল। ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলের জন্য অবদান রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ফাইনালে কত রান যথেষ্ট হতে পারে—এই প্রশ্নে নির্দিষ্ট কোনও লক্ষ্য ঠিক করে নামতে চান না ভারত অধিনায়ক। তাঁর মতে, পিচের আচরণের উপরই সবকিছু নির্ভর করবে। “২০০ থেকে ২৫০ রান ভালো স্কোর হতে পারে, তবে সবটাই নির্ভর করবে উইকেটের উপর,” বলেন তিনি।

দলের তরুণ ক্রিকেটারদের নিয়েও বেশ সন্তুষ্ট সূর্য। তাঁর মতে, খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ না দিয়ে স্বাধীনতা দেওয়া জরুরি। রাজ্য ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ বা আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে তারা সফল হয়েছে, সেই আত্মবিশ্বাস নিয়েই খেলতে দেওয়া উচিত।

ভারতীয় দলে অভিজ্ঞতার গুরুত্বও তুলে ধরেন অধিনায়ক। Jasprit Bumrah, Hardik Pandya এবং Axar Patel-এর মতো ক্রিকেটারদের অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ বলেও জানান তিনি।

ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও ইতিবাচক সুর শোনা যায় সূর্যের কথায়। তাঁর মতে, Ishan Kishan, Shivam Dube এবং Arshdeep Singh-দের মতো ক্রিকেটাররা কঠিন সময়েও হাসি-ঠাট্টার মাধ্যমে দলের পরিবেশ হালকা রাখতে সাহায্য করেন।

ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নিয়ে সূর্যের কথায়, দেশের মাটিতে এমন একটি প্রতিভাবান দলকে নেতৃত্ব দেওয়া সত্যিই বিশেষ অনুভূতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত