‘ছোট বানান ভুলে নাম কাটা নয়’—মমতার সওয়ালের পর নির্বাচন কমিশনকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

এসআইআর মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের পর নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। নামের ছোট বানান ভুলে কোনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়া—এই বার্তাই স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মামলায় বুধবার শীর্ষ আদালতে সরাসরি সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তির পর নির্বাচন কমিশনকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত—সবচেয়ে স্পষ্ট নির্দেশ, নামের বানানের সামান্য ভুল বা পদবি পরিবর্তনের মতো কারণে কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।

এই মামলার শুনানি হয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলি-র বেঞ্চে। শুনানি শেষে নির্বাচন কমিশনকে নোটিস জারি করে আদালত জানায়, ভোটারদের শুনানির নোটিস পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হতে হবে। মামলাটির পরবর্তী শুনানি আগামী সোমবার।

- Advertisement -

২৬ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে শুনানির শেষ দিন ৭ ফেব্রুয়ারি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ১৪ ফেব্রুয়ারি। সময়সীমা প্রায় শেষের পথে—এই পরিস্থিতিতেই এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে মামলা করেন।

আদালতের নির্দেশ কী কী

আদালতের পর্যবেক্ষণ, তথ্যগত অসঙ্গতির কারণে বহু ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে, যার বড় অংশই নামের বানান বা পদবি পরিবর্তন সংক্রান্ত। এই সমস্যা সমাধানে রাজ্য সরকারকে বাংলা ভাষায় দক্ষ অফিসারদের একটি তালিকা দিতে বলেছে আদালত। এই অফিসারদের এসআইআর-এর কাজে যুক্ত করলে বানান সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে বলে মত আদালতের।
শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ—নামের ছোটখাটো ভুলে কোনও ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বাংলা ভাষায় দক্ষ অফিসাররা থাকলে আলাদা করে মাইক্রো অবজ়ার্ভারের প্রয়োজনও থাকবে না।

মমতার আইনজীবীর অভিযোগ ছিল, বিজেপি-শাসিত রাজ্যগুলি থেকে প্রায় ৮৩০০ মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করা হয়েছে, যাঁদের নাম বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এবং ইআরও-দের ক্ষমতা খর্ব করা হয়েছে। এর জবাবে কমিশনের আইনজীবী জানান, রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ-বি অফিসার দেয়নি বলেই বাইরে থেকে মাইক্রো অবজ়ার্ভার আনতে হয়েছে।
এই প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে—সোমবারের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে, তারা বাংলা ভাষায় সাবলীল কতজন গ্রুপ-বি অফিসার দিতে পারবে।

এ ছাড়া, বুথ স্তরের আধিকারিক (BLO)-এর স্বাক্ষর ছাড়া কোনও নথিকে বৈধ বলে ধরা যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতির স্পষ্ট মন্তব্য, “আপনাদের অফিসারদের আরও সংবেদনশীল হতে বলুন।”

- Advertisement -

মুখ্যমন্ত্রীর সওয়াল

মমতার পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান। তিনি জানান, ১৬ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত প্রায় ৮৮ লক্ষ ভোটারের শুনানি হয়েছে। প্রতিদিন গড়ে ১.৮ লক্ষ শুনানি হলেও এখনও ৬৩ লক্ষ ভোটারের শুনানি বাকি। হাতে সময় মাত্র চার দিন। এই সময়ে প্রতিদিন ১৫.৫ লক্ষ শুনানি কার্যত অসম্ভব বলেই তাঁর দাবি।
মমতার আবেদন, ২০২৫ সালের ভোটার তালিকাকেই ভিত্তি করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন করা হোক।

সওয়াল–জবাবের কেন্দ্রবিন্দু

মুখ্যমন্ত্রীর আইনজীবীর দাবি, তথ্যগত অসঙ্গতির তালিকায় থাকা ভোটারদের নাম ও অসঙ্গতির কারণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে স্পষ্টভাবে জানাতে হবে। প্রধান বিচারপতির মন্তব্য, “ভোটারকে অবশ্যই জানতে হবে কেন তার নাম তালিকায়।”
কমিশনের তরফে জানানো হয়, শুধু ওয়েবসাইট নয়—ব্যক্তিগত নোটিস পাঠিয়েও কারণ জানানো হচ্ছে। তবে রাজ্যের অভিযোগ, প্রায় ৭০ লক্ষ মানুষকে শুধুমাত্র নামের বানানের কারণে শুনানিতে ডাকা হয়েছে।
এই প্রসঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ২০০২ সালের বাংলা ভোটার তালিকা ইংরেজিতে অনুবাদ করার সময় এই ধরনের ভুল হওয়াই স্বাভাবিক। প্রকৃত ভোটারকে এই কারণে বাদ দেওয়া যাবে না—এটাই আদালতের স্পষ্ট অবস্থান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর