বাবরের নামে মসজিদ বা স্থাপত্য নির্মাণে অনুমতি বন্ধের দাবি তুলে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় শুনানি করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের এই অবস্থানের পরই আবেদনকারী পক্ষ মামলা প্রত্যাহার করে নেয়। মুর্শিদাবাদের বেলডাঙায় নির্মীয়মাণ বাবরি মসজিদকে কেন্দ্র করে চলা বিতর্কের মধ্যেই এই মামলা ঘিরে নতুন রাজনৈতিক ও সামাজিক আলোচনা শুরু হয়েছে।
বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি শুনানির জন্য তোলা হয়। আবেদনকারীর আইনজীবী দাবি করেন, মোগল সম্রাট বাবরের নামে দেশে নতুন করে কোনও মসজিদ বা স্থাপত্য নির্মাণের অনুমতি দেওয়া উচিত নয়। পাশাপাশি ‘বাবরি মসজিদ’ নাম পুনরায় ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল আবেদনপত্রে।


শুনানির সময় মামলাকারী পক্ষ মুর্শিদাবাদের বেলডাঙায় নির্মীয়মাণ একটি মসজিদের প্রসঙ্গ তোলে, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর। আদালতে বাবরকে ‘সাম্রাজ্যবাদী’ আখ্যা দিয়ে তাঁর নামে কোনও নির্মাণকে অনুমোদন না দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরা হয়।
তবে আবেদনকারীর বক্তব্য শোনার পরও বেঞ্চ মামলাটি গ্রহণে অনীহা প্রকাশ করে। আদালত কোনও বিস্তারিত পর্যবেক্ষণ না করেই শুনানি করতে রাজি হয়নি। এরপরই আবেদনকারীর আইনজীবী স্বেচ্ছায় মামলাটি প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর বেলডাঙায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি থেকে সেখানে নির্মাণকাজ শুরু হয়েছে। সেই সময় থেকেই বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে আসে। একাংশের তীব্র বিরোধিতার মুখে পড়লেও জনতা উন্নয়ন পার্টির আহ্বায়ক হুমায়ুন কবীর জানিয়েছেন, তিনি বিতর্ককে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন।


সুপ্রিম কোর্টের এই অবস্থানের পর আপাতত আইনি জটিলতা কাটলেও, বিষয়টি রাজনৈতিক ও সামাজিক স্তরে আলোচনার কেন্দ্রেই থাকছে বলে মনে করছে পর্যবেক্ষক মহল।








