সুপ্রিম কোর্টে বাড়ছে বিচারপতির সংখ্যা, রাষ্ট্রপতির অনুমোদনে বড় সিদ্ধান্ত

মামলার চাপ কমাতে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার সিদ্ধান্তে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশের সর্বোচ্চ আদালতে মামলার চাপ কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বেড়ে হবে ৩৭। অতিরিক্ত চার জন বিচারপতি নিয়োগের পথও কার্যত খুলে গেল। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর এই সিদ্ধান্তকে বিচারব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে আইন মহল।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছিল। গত ৫ মে হওয়া মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ছ’বছর পর ফের সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র।

রবিবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বর্তমানে সংসদের অধিবেশন না থাকায় অধ্যাদেশের মাধ্যমেই পদক্ষেপ করা হয়েছে।

সরকারি সূত্রে দাবি, দেশের শীর্ষ আদালতে ক্রমবর্ধমান মামলার চাপ সামাল দিতেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছিল। পরবর্তী সংসদ অধিবেশনে এই অধ্যাদেশ বিল আকারে পেশ করে আইনে পরিণত করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

ভারতের সংবিধানের ১২৪(১) অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি এবং সংসদ নির্ধারিত সংখ্যক বিচারপতি থাকেন। স্বাধীনতার পর থেকে একাধিকবার এই সংখ্যা বাড়ানো হয়েছে।

১৯৫৬ সালে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ছিল মাত্র ১০। পরে ১৯৬০ সালে তা বেড়ে হয় ১৩। ১৯৭৭ সালে সেই সংখ্যা দাঁড়ায় ১৭-তে। মামলার সংখ্যা বাড়তে থাকায় ১৯৮৬ সালে বিচারপতির সংখ্যা বাড়িয়ে ২৫ করা হয়। এরপর ২০০৮ সালে তা বেড়ে হয় ৩০। ২০১৯ সালে বিচারপতির সংখ্যা বাড়িয়ে ৩৩ করা হয়েছিল। এবার তা আরও চার বাড়িয়ে ৩৭ করা হল।

বর্তমানে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বে রয়েছেন সূর্য কান্ত। তাঁর নেতৃত্বেই সম্প্রসারিত বেঞ্চে কাজ করবে দেশের সর্বোচ্চ আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত