গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই। এই গরমের জেরেই এগিয়ে এল গরমের ছুটি (Summer Vacation)। সাধারণত মে মাস থেকে স্কুলে ছুটি পড়ে। তবে এই অসহ্য গরমে শিক্ষক, কর্মী ও পড়ুয়াদের কথা মাথায় রেখে ছুটি এগিয়ে আনা হল। এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর।



আরও পড়ুন: ‘হিরণের জন্য আমার কষ্ট হয়’, হঠাৎ কেন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে নিয়ে এমন মন্তব্যে দেবের?
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। সকাল থেকেই চড়া রোদ। এই অবস্থায় অনেকেরই স্কুলে আসতে সমস্যা হচ্ছে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। সেই কারণেই স্কুলের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুধবার ঘোষণা করেছিলেন গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। সরকারি স্কুলগুলি ২২ এপ্রিল থেকে বন্ধ থাকছে। পাশাপাশি বেসরকারি স্কুলগুলিও যাতে ২২ তারিখ থেকে ছুটি দিয়ে দেওয়া হয় সেই অনুরোধ রেখেছেন। সেইমতই শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ২২ এপ্রিল থেকেই গরমের ছুটির আনুষ্ঠানিক ঘোষণা করা হল।



আবহাওয়া দফতর (Weather Department) দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করতেই গত মঙ্গলবার নবান্নে জরুরী বৈঠক করেন মুখ্যসচিব ভিপি গোপালিকা। সেখানে স্কুলের ছুটি নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গরমের ছুটি পড়লেও প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে হবে। অতিরিক্ত ছুটির কারণে পড়ুয়াদের পড়াশোনায় কোনও ক্ষতি যেন না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
তাপপ্রবাহের জেরে এগিয়ে এল গরমের ছুটি, এপ্রিলেই বন্ধ হবে স্কুলের পঠন-পাঠন

উল্লেখ্য, আপাতত দার্জিলিং ও কালিম্পংয়ের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে না। স্কুল খোলা থাকবে। প্রথমে আগামী ৬ মে থেকে গরমের ছুটির কথা ঘোষণা করা হয়েছিল। তবে অসহনীয় গরমের কারণে ছুটি এগিয়ে নিয়ে আসা হল।







