চার মামলায় গ্রেফতারির আশঙ্কা! রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়

জমি দুর্নীতি মামলায় জেলবন্দি সুমিত রায় চারটি পৃথক মামলায় গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ চেয়েছেন। কলকাতা হাই কোর্টের আবেদন খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ করে তদন্ত স্থগিতেরও আর্জি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জমি দুর্নীতি মামলায় জেলবন্দি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। চারটি পৃথক মামলায় গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে রক্ষাকবচ চেয়েছেন তিনি। শুধু তাই নয়, মামলাগুলির তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়ারও আবেদন জানিয়েছেন সুমিত। তাঁর আশঙ্কা, আদালতের সুরক্ষা না পেলে সংশ্লিষ্ট মামলাগুলিতে পুলিশ তাঁর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করতে পারে।

জানা গিয়েছে, সুমিতের আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে প্রধান বিচারপতি সূর্য কান্তের (Chief Justice Surya Kant) বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে। এর আগে একই বিষয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন অভিষেকের আপ্তসহায়ক। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এবার শীর্ষ আদালত তাঁকে কোনও অন্তর্বর্তী সুরক্ষা দেয় কি না, সেদিকেই নজর রয়েছে।

পশ্চিম মেদিনীপুরের জমি দুর্নীতি মামলায় গত সেপ্টেম্বর মাসে সুমিত রায়কে গ্রেফতার করে সিআইডি (CID)। অভিযোগ, সরকারি জমির চরিত্র পরিবর্তন করে কোটি কোটি টাকায় বিক্রি করার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন রাজ্য গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। শালবনি থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতেই এই গ্রেফতারি হয়েছিল। বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন তিনি।

তবে শালবনির মামলা ছাড়াও সুমিতের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। ডায়মন্ড হারবার, শালবনি, গড়বেতা এবং কালীতলা থানায় জমি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পৃথক মামলা দায়ের হয়েছে। একটি মামলায় গ্রেফতার হওয়ার পর অন্য মামলাগুলিতেও তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই চারটি মামলাতেই একসঙ্গে রক্ষাকবচ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

কেন হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ?

এর আগে চারটি মামলায় একসঙ্গে সুরক্ষা চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন সুমিত। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল, একসঙ্গে সমস্ত মামলায় অভিযুক্তের রক্ষাকবচ চাওয়ার আবেদন গ্রহণযোগ্য নয়। আইনের অন্যান্য পথ খোলা রয়েছে বলেও জানায় আদালত। প্রয়োজনে আগাম জামিনের আবেদন করতে পারেন সুমিত, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছিল।

হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি। রাজনৈতিক পালাবদলের পর একের পর এক মামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সুমিত। তাঁর বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে।

তাই চারটি মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষার পাশাপাশি তদন্ত প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। তবে তাঁর অভিযোগের সত্যতা আদালতে এখনও প্রমাণিত হয়নি। এবার সুপ্রিম কোর্টের শুনানিতে এই আবেদন নিয়ে কী অবস্থান নেয় শীর্ষ আদালত, সেটাই গুরুত্বপূর্ণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর