‘তোলাবাজি এখনও বন্ধ হয়নি’, রাসবিহারীতে দাঁড়িয়ে বিস্ফোরক স্বপন দাশগুপ্ত

রাসবিহারীর মুদিয়ালি ক্লাবে সাধারণ মানুষের অভিযোগ শুনতে গিয়ে লেক মার্কেট এলাকায় তোলাবাজির অভিযোগ পেলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নিজে এলাকা পরিদর্শনের আশ্বাস দিয়ে সরাসরি তাঁকে অভিযোগ জানানোর আবেদন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে তোলাবাজি পুরোপুরি বন্ধ হয়নি, এবার নিজের বিধানসভা কেন্দ্রেই তা স্বীকার করে নিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রবিবার রাসবিহারী বিধানসভার মুদিয়ালি ক্লাবে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন তিনি। সেখানেই লেক মার্কেট এলাকায় তোলাবাজির অভিযোগ সামনে আসে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রীর স্পষ্ট বার্তা, রাসবিহারী বিধানসভা এলাকায় কোথাও তোলাবাজির ঘটনা ঘটলে সরাসরি তাঁকে জানাতে হবে। অভিযোগ খতিয়ে দেখতে আগামী দু’দিনের মধ্যে লেক মার্কেট এলাকায় যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতার সময় লেক মার্কেট সংলগ্ন এলাকায় টাকা আদায়ের অভিযোগের কথা জানতে পারেন স্বপন দাশগুপ্ত। এরপরই তিনি বলেন, তোলাবাজি এখনও বন্ধ হয়নি। তবে এই প্রবণতা বন্ধ করতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। তাঁর কথায়, কোন রাজনৈতিক দলের পতাকা হাতে নিয়ে কেউ টাকা তুলছেন, তা বিবেচ্য নয়। তোলাবাজির সঙ্গে যুক্ত থাকলে তাঁকে অপরাধী হিসেবেই দেখা হবে।

লেক মার্কেটের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, আগামী দু’এক দিনের মধ্যে তিনি নিজে এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন। রাসবিহারী বিধানসভা এলাকায় কেউ তোলাবাজির শিকার হলে কিংবা এমন কোনও ঘটনা জানতে পারলে তাঁকে সরাসরি জানানোর আবেদন করেছেন তিনি।

এর আগে দিল্লিতে শিল্পপতি ও বণিকসভাগুলির সঙ্গে বৈঠকেও রাজ্যের তোলাবাজি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বপন দাশগুপ্ত। তাঁর বক্তব্য ছিল, রাজ্যে বিনিয়োগ বাড়াতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা জরুরি। তোলাবাজি চলতে থাকলে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পমহলের আস্থাও ফিরবে না বলে মন্তব্য করেছিলেন তিনি।

এবার নিজের বিধানসভা কেন্দ্র রাসবিহারীতেই একই সমস্যা সামনে আসায় মন্ত্রীর বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা ও শিল্পবান্ধব পরিবেশ তৈরির কথা বলা হলেও স্থানীয় স্তরে টাকা আদায়ের অভিযোগ উঠছে।

এদিকে, তোলাবাজি নিয়ে শনিবারই দলীয় নেতা-কর্মীদের সতর্ক করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতা জেলা সংগঠনের বৈঠকে তিনি তোলাবাজি ও জোর করে টাকা আদায়ের প্রবণতাকে সামাজিক ব্যাধি বলে উল্লেখ করেন। ক্ষমতার অপব্যবহার নিয়ে যেসব বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদেরও সতর্কবার্তা দেন তিনি।

ফলে একদিকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সরাসরি অভিযোগ জানানোর আবেদন, অন্যদিকে রাজ্য সভাপতির দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা—তোলাবাজি বন্ধের প্রশ্নে বিজেপির অন্দরেও চাপ বাড়ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর