সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Issue) পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে জাতীয় মহিলা কমিশনকে চিঠি দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। অভিযোগ, যে নির্যাতিতার গোপন জবানবন্দির ভিত্তিতে দুই তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেফতার হয়েছেন, সেই মহিলার একটি ভিডিও রাজ্য পুলিশের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে আপলোড করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে জাতীয় মহিলা কমিশনকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
আরও পড়ুন: বাংলা থেকে দূরে তিহারে বন্দী অনুব্রত, বীরভূমে কেষ্টর পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর


চিঠিতে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) লিখেছেন, “একজন নির্যাতিতার গোপন জবানবন্দির ভিত্তিতে দুই তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেফতার হয়েছেন। এরপর সেই মহিলার বাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূলের গুণ্ডারা। এছাড়া, এই আদালতে গোপন জবানবন্দি রেকর্ড করার আগে রাজ্য পুলিশ চাপ দিয়ে মহিলার একটি ভিডিও রেকর্ড করে এবং নিজেদের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে আপলোড করে।”

সুকান্তর (Sukanta Majumdar) আরও লিখেছেন, “গুরুতর অপরাধের ক্ষেত্রে নির্যাতিতার পরিচয় ফাঁস করা ভয়ঙ্কর অপরাধ। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নিয়মানুযায়ী ভারতীয় পেনাল কোডের ২২৮এ ধারা প্রযোজ্য হওয়া উচিৎ।” প্রসঙ্গত, সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Issue) প্রতিবাদে গিয়ে আহত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর ২-৩ দিন হাসপাতালে ভর্তি থাকেন।



নির্যাতিতার পরিচয় ফাঁস, সন্দেশখালিকাণ্ডে পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনকে চিঠি সুকান্তর
এদিকে, শনিবার রাজ্য নারী ও শিশু সুরক্ষা কমিশন সন্দেশখালি (Sandeshkhali Issue) পরিদর্শন করেছে। সোমবার সেখানে গেলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। কলকাতা বিমানবন্দরে নেমে রেখা শর্মা বললেন, “পুলিশ কেন অভিযুক্তকে ধরতে পারছে না। পুলিশ কি শুধুই আক্রান্তদের পরিবারের লোকজনকে হেনস্থা করার জন্য রয়েছে? আমার কাছে অভিযোগ এসেছে পুলিশ দশজনকে গ্রেফতার করেছে যারা কি না সেখানে আক্রান্ত হয়েছে তাঁদেরই পরিবারের সদস্য। এখনও কেন শাহজাহান গ্রেফতার হল না।”








