পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পরই শারীরিক অসুস্থতার কথা জানালেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। ইডি সূত্রে খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হওয়ার কিছুক্ষণের মধ্যেই তদন্তকারী আধিকারিকদের তিনি জানান, তাঁর শ্বাসকষ্ট হচ্ছে এবং রাতে ঘুমানোর সময় নিয়মিত অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হয়। এরপরই তাঁর বাড়ি থেকে বিশেষ অক্সিজেন যন্ত্র আনতে সুজিতের ছেলে সমুদ্র বসুকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে যান সুজিত বসু। প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতারের পর তাঁর শারীরিক পরিস্থিতি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


ইডি সূত্রে দাবি, জেরার পর সুজিত তদন্তকারী অফিসারদের জানান যে, তিনি রাতে ঘুমানোর সময় অক্সিজেন ব্যবহার করেন এবং তাঁর বাড়িতে একটি বিশেষ যন্ত্র রয়েছে। সেই কারণেই তাঁর ছেলে সমুদ্র বসুকে ওই যন্ত্র দ্রুত দফতরে নিয়ে আসার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ভোটের আগেই একাধিক বার সুজিত বসুকে তলব করেছিল ইডি। তবে নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। পরে আদালতে বিষয়টি জানানো হলে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে গত ১ মে প্রথমবার ইডি দফতরে হাজিরা দেন তিনি। ভোটের ফলপ্রকাশের পর সোমবার ছিল তাঁর প্রথম উপস্থিতি।
এই মামলায় এর আগেও সুজিত বসুর বাড়ি, অফিস এবং তাঁদের পরিবারের সঙ্গে যুক্ত একটি ধাবায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু সুজিত নন, তাঁর ছেলে সমুদ্র বসু-সহ পরিবারের আরও কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁদের বয়ানও নথিভুক্ত করে ইডি।


তবে শুরু থেকেই সুজিত দাবি করে আসছিলেন, যে মামলায় তাঁকে ডাকা হচ্ছে, সেই মামলায় ইতিমধ্যেই সিবিআই চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে তাঁর নাম নেই। তাঁর অভিযোগ ছিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁকে বারবার তলব করা হচ্ছে।
এদিকে, প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তে অসহযোগিতার অভিযোগকে কেন্দ্র করে আগামী দিনে এই মামলায় আরও বড় পদক্ষেপ হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



