দু’জনেই আসন্ন লোকসভা নির্বাচনে দমদমের প্রার্থী। দু’জনেই বর্ষীয়ান রাজনীতিবিদ। দু’জনেই সাংসদ হয়েছেন এর আগেও। ইদের দিন কিন্তু সৌজন্যের ছবি দেখা গেল কামারহাটিতে। কথা হচ্ছে, দমদমের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং সেখানেরই সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীকে নিয়ে। দুই যুযুধান নেতাকে পবিত্র ইদে রাজনৈতিক বিতর্ক ভুলে অন্যমেজাজে দেখা যায়।
আরও পড়ুন: আর্থিক তছরুপের অভিযোগ, তিহাড় জেল থেকে কবিতাকে গ্রেফতার করল CBI
কেন্দ্রে যতই ‘ইন্ডিয়া’ জোট হোক না কেন, এ রাজ্যে অর্থাৎ বাংলায় সিপিআইএম তৃণমূলের আপসের কোনও জায়গা নেই, এ কথা রাজনৈতিক বিষয়ে ওয়াকিবহল মানুষরা নিশ্চয় জানেন। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটেছে তৃণমূলের হাতে। ফলে, লাল পার্টি কোনও দিন আদর্শগতভাবে জোড়াফুলকে ‘ক্ষমা’ করবে না। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বলেন, বাংলার শত্রু সিপিআইএম, অতএব তাঁদের একটি ভোটও নয়।

রাজনীতির ময়দানে যাই চলুক না কেন, উৎসবের দিনগুলিতে আবার সিপিআইএম-তৃণমূলকেই কাছে আসতে দেখা যায়। সৌজন্যের খাতিরে কোথাও গিয়ে যেন পিছিয়ে থাকে বিজেপি। বৃহস্পতিবার ইদ উপলক্ষ্যে সে রকম ছবিই দেখা গেল কামারহাটিতে। আলাপচারিতায় মত্ত থাকলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী।

ইদের দিন সৌজন্যের ছবি কামারহাটিতে, অন্যমেজাজে সুজন-সৌগত
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার কামারহাটির ছাইগাদা ময়দানে ইদ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সৌগত রায় এবং সুজন চক্রবর্তী। দু’জনই কার্যত একই সময় পৌঁছন সেখানে। সৌগত সুজনের কাছে জানতে চান তিনি দমদম এলাকায় কোনও ঘর ভাড়া নিয়েছেন কিনা! উত্তরে সুজন জানান, তিনি কোনও বাড়ি ভাড়া নেননি। পার্টি অফিসেই উঠছেন তিনি।




