নিট ও নেটকাণ্ডে উত্তাল গোটা দেশ। দুই পরীক্ষারই প্রশ্নফাঁস হয়েছে। জুনের নেট পরীক্ষা কার্যত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। আজ আবার নিট-ইউজি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ফলে, এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা আসন্ন লোকসভার অধিবেশনে এনডিএ সরকারকে ‘চেপে’ ধরতে পারেন বলেই রাজনৈতিক মহলে আশঙ্কা।
আরও পড়ুন: রাত পোহালেই লোকসভার অধিবেশন, জানেন প্রথম দিন কী কী ঘটবে?


শুধু আশঙ্কাই নয়, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের আগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অত্যন্ত বড় কেলেঙ্কারি হয়েছে। এর আগে ব্যাপম কেলেঙ্কারি হয়েছিল। এবার প্রশ্নফাঁসের ঘটনা গোটা দেশ দেখেছে। ইন্ডিয়া জোটের আমরা প্রতিবার লোকসভার আগে একটা বৈঠক করি। সেখানে এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে।”

সঙ্গে সুদীপ আরও বলেন, “আমরা বৈঠকের পর লোকসভার বিষয় উপদেষ্টা কমিটির কাছে আবেদন করব যাতে এই বিষয় নিয়ে আলোচনা হয়। এই যা ব্যাপক কেলেঙ্কারি ঘটেছে আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব আশা করি। নাহলে ইন্ডিয়া জোট ছেড়ে দেবে না। এই অধিবেশনে আলোচনা হতেই হবে।”
NEET-এ বিরাট দুর্নীতি, INDIA ছাড়বে না, লোকসভার আগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন সুদীপ



এবার নিট পরীক্ষার ফলপ্রকাশের পর দেখা গেল, প্রথম স্থান অধিকার করেছেন ৬৭ জন। আর প্রত্যেকেই ফুলমার্কস। অর্থাৎ, ৭২০-তে ৭২০! ২০-৩০ লাখ টাকায় ডাক্তারি পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে। শুধু তাই নয়, রীতোমতো প্রশিক্ষণ দিয়ে পরীক্ষার্থীদের তৈরি করে দেওয়া হয়েছিল। অন্যদিকে, নেটের প্রশ্নও আগে থেকে ফাঁস হয়েছে। ডার্ক ওয়েব বা টেলিগ্রামের মাধ্যমে পরীক্ষার্থীরা ছবিতে প্রশ্নপত্র হাতে পেয়ে গিয়েছিলেন। এই দুই কেলেঙ্কারি কেন্দ্রের সরকারকে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে।







