কলেজের ক্লাসরুমেই গুলি, সহপাঠীকে খুন করে আত্মঘাতী ছাত্র—স্তব্ধ পাঞ্জাব

পাঞ্জাবের তরন তারান জেলার আইন কলেজে সহপাঠীকে গুলি করে আত্মঘাতী ছাত্র। ক্লাসরুমে রক্তাক্ত ঘটনায় মৃত্যু দুই পড়ুয়ার, তদন্তে পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ মুহূর্তে পরিণত হল রক্তাক্ত ঘটনার সাক্ষীতে। পাঞ্জাবের তরন তারান জেলার এক আইন কলেজের ক্লাসরুমে সহপাঠী তরুণীকে গুলি করে খুন করার পর নিজেকেও গুলি করে আত্মঘাতী হল এক ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনেরই। কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সোমবার মাই ভাগো আইন কলেজে এই ঘটনা ঘটে। মৃত দুই পড়ুয়ার নাম প্রিন্স রাজ ও সন্দীপ কৌর। দু’জনেই ওই কলেজের ছাত্রছাত্রী ছিলেন। প্রিন্সের বাড়ি মাল্লিয়ান গ্রামে, আর সন্দীপের বাড়ি নওশেহরা পান্নুয়ানে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্লাসরুমের মধ্যেই প্রিন্স প্রথমে সন্দীপকে লক্ষ্য করে গুলি চালান। এরপর একই বন্দুক দিয়ে নিজেকেও গুলি করেন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দু’জনকে।

তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।

কেন সহপাঠীকে লক্ষ্য করে গুলি চালালেন প্রিন্স, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনে ব্যক্তিগত সম্পর্ক, বিবাদ বা অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত