‘তোদের নতুন মা এনে দেব’, স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বললেন বাবা! রক্তমাখা পোশাকে থানায় আত্মসমর্পণ

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে দাম্পত্য অশান্তি চলছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। খুনের পর দুই মেয়েকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিহারের মুঙ্গেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে। বুধবার রাতে জামালপুরের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযোগ, স্ত্রীকে খুন করার পর দুই নাবালিকা মেয়েকে ঘর থেকে বের করে অভিযুক্ত বলেন, ‘তোদের মা মরে গিয়েছে। তোদের জন্য নতুন মা এনে দেব।’ এরপর দুই মেয়েকে সঙ্গে নিয়েই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। তাঁর পরনের পোশাক ছিল রক্তে ভেজা, হাতেও ছিল ধারালো অস্ত্র।

মৃতার নাম পূজা দেবী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে ভাগলপুরের বাসিন্দা পূজার সঙ্গে বিয়ে হয়েছিল দশরথপুরের বাসিন্দা দশরথ মণ্ডলের। তাঁদের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বয়স ৮ বছর, ছোটটির ৫। দশরথ আগে রেলের লোকো পাইলট হিসেবে কর্মরত ছিলেন। কর্মসূত্রে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে জামালপুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

- Advertisement -

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন দশরথ। এই সন্দেহকে কেন্দ্র করে দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হত বলে জানা গিয়েছে। বুধবার রাতে সেই অশান্তি চরমে পৌঁছয়।

অভিযোগ, প্রথমে দুই মেয়েকে একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন দশরথ। এরপর অন্য ঘরে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আক্রমণ করেন। ঘটনাস্থলেই পূজার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। খুনের পর স্ত্রীর দেহ ঘরে রেখেই দরজা বন্ধ করে দেন অভিযুক্ত।

এরপর মেয়েদের ঘরের দরজা খুলে তাদের মায়ের মৃত্যুর কথা জানান তিনি। সেই সঙ্গে বলেন, ‘তোদের জন্য নতুন মা এনে দেব।’ তারপর দুই মেয়েকে সঙ্গে নিয়ে আদর্শ জামালপুর থানায় পৌঁছন দশরথ।

থানায় ঢোকার সময় তাঁর হাতে ছিল ধারালো অস্ত্র এবং পরনের পোশাক রক্তে ভেজা ছিল বলে জানা গিয়েছে। তাঁকে ওই অবস্থায় দেখে প্রথমে হতচকিত হয়ে যান কর্তব্যরত পুলিশকর্মীরা। এরপর দশরথ নিজেই স্ত্রীকে খুনের কথা পুলিশকে জানান এবং আত্মসমর্পণ করেন।

- Advertisement -

অভিযুক্তকে সঙ্গে নিয়ে পরে তাঁর বাড়িতে যায় পুলিশ। সেখান থেকে পূজার দেহ উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং খুনের আগে-পরে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে, পূজার মৃত্যুর পর দশরথের বিরুদ্ধে নির্যাতন, পণের দাবিতে চাপ দেওয়া এবং খুনের অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। পরিবারের দাবি, বিয়ের কয়েক বছর পর থেকেই পূজার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন অভিযুক্ত। পণের জন্যও তাঁকে চাপ দেওয়া হত বলে অভিযোগ।

পূজার ভাই শুভম জানিয়েছেন, মাত্র দু’দিন আগেও বোনের সঙ্গে তাঁর কথা হয়েছিল। কিন্তু সেই সময় কোনও সমস্যার কথা জানাননি পূজা। শুভমের কথায়, ‘‘দু’দিন আগেও পূজার সঙ্গে কথা হয়েছিল। সেই সময় ও কিছু জানায়নি বাড়িতে। কোনও দিনই কিছু বলতে চাইত না।’’

তাঁর আরও অভিযোগ, গত পাঁচ বছর ধরে পূজাকে নানা ভাবে নির্যাতন করা হয়েছে। স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে তাঁকে হেনস্থা করতেন দশরথ বলেও দাবি করেছেন তিনি। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পূজার পরিবার।

ঘটনায় দশরথকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক অশান্তি, পণের দাবিতে নির্যাতনের অভিযোগ এবং খুনের নেপথ্যে প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর