নজরবন্দি ব্যুরোঃ বন্ধ হচ্ছে হাজার হাজার বাস-ট্যাক্সি, কপালে চিন্তার ভাঁজ পরিবহণ বিশেষজ্ঞদের। আগামী ৫ বছরে পশ্চিমবঙ্গে শহর কলকাতা ও হাওড়ায় কমবে বাণিজ্যিক গাড়ির সংখ্যা। ধাপে ধাপে অবসর নেবে ট্যাক্সি, বাস, মিনিবাস সহ একাধিক গাড়ি। ফলে আগামী কয়েক বছরে কলকাতা সহ গোটা রাজ্যেই গণ পরিবহণের হাল হকিকত কী দাঁড়াবে, তা নিয়ে এখন থেকেই চিন্তায় পরিবহণ বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ মিঠুনের বাংলা সফর নিয়ে এবার BJP কে কটাক্ষ অধীরের
বাস – মিনিবাসের মতো গণপরিবহণের সঙ্গে যুক্ত যানবাহনের ঘাটতি কী ভাবে মেটানো যায়, সেই পরিকল্পনা ইতিমধ্যেই নিতে শুরু করেছে রাজ্য সরকার। একদিকে কলকাতা (Kolkata) শহর ও শহরতলীতে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ১৫ বছরের পুরনো বাণিজ্যিক ও ব্যক্তিগত গাড়িগুলিকে বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য পরিবহণ দফতর।

অন্যদিকে পরিবেশ দূষণ মুক্ত রেখে সস্তায় দ্রুত যাতায়াতের ব্যবস্থা করা সহজ কথা নয়। এই পরিকল্পনা তৈরিতে সাহায্য করছে খড়গপুর আইআইটি-র বিশেষজ্ঞরা। আগামী দিনে কত সংখ্যক কমবে গাড়ি সংখ্যা?
শহরকে দূষণমুক্ত রাখতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের তরফে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের উপর জোর দেওয়া হয়েছে। তাই চলতি বছরের মাঝামাঝি থেকেই বাতিলের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। যা চলবে আগামী বছর পর্যন্ত। এই সময়ের মধ্যে স্ক্র্যাপ বা কাটাই হয়ে যাবে হাজার হাজার বেসরকারি বাস, মিনিবাস, অটো, ট্যাক্সি-সহ বহু ব্যাক্তিগত গাড়িও। এমনিতেই ২০১৮ সাল থেকে ভাড়া বাড়েনি হলুদ ট্যাক্সির, সঙ্গে দোসর হয়েছে জ্বালানির অগ্নিমূল্য। ফলে এমনিতেই ধুঁকছে ট্যাক্সি পরিবহণ ব্যবসা।

হিসেব বলছে, ২০২১-২২ অর্থবর্ষে বাণিজ্যিক গাড়ি কমবে ৫৬৫৫ টি। ২০২২-২৩ অর্থবর্ষে গাড়ি কমবে ৫৮১৩ টি। ২০২৩-২৪ অর্থবর্ষে বাণিজ্যিক গাড়ি কমবে ৪৯১৫ টি। ২০২৪-২৫ অর্থবর্ষে বাণিজ্যিক গাড়ি কমবে ১০৩২৪ টি। ২০২৫-২৬ অর্থবর্ষে বাণিজ্যিক গাড়ি কমবে ৮৩০৮ টি।
এই যে এত সংখ্যক বাণিজ্যিক গাড়ি কমবে তার একটা বড় অংশ যাত্রীবাহী যান চলাচলের সঙ্গে যুক্ত। যারা মধ্যে ট্যাক্সি, লাক্সারি ট্যাক্সি, ম্যাক্সি ট্যাক্সি, বাস, মিনিবাস এবং এমনি বাস আছে। যা প্রতিদিন যাত্রী পরিবহণের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত হয়ে আছে। হিসেব বলছে, ২০২১-২২ অর্থবর্ষে ৯৪৩ টি ট্যাক্সি কমবে। ২০২২-২৩ অর্থবর্ষে ট্যাক্সি কমবে ৭৫৯ টি। ২০২৩-২৪ অর্থবর্ষে কমবে ৯১৪টি ট্যাক্সি। ২০২৪-২৫ অর্থবর্ষে কমবে ৪৪৯৩টি ট্যাক্সি। ২০২৫-২৬ অর্থবর্ষে কমবে ৩৬৫৪টি ট্যাক্সি।
অন্যদিকে হিসেব বলছে, বাস মিনিবাসের হিসেব বলছে, ২০২১-২২ অর্থবর্ষে কমবে ৬২৫টি বাস ও মিনিবাস অবসর নেবে। ২০২২-২৩ অর্থবর্ষে কমবে আরও ৪০৬টি। ২০২৩-২৪ অর্থবর্ষে কমবে ৪১৪টি। ২০২৪-২৫ অর্থবর্ষে কমবে ১৮৬৬টি বাস- মিনিবাস। ২০২৫-২৬ অর্থবর্ষে কমবে ৬৮৭টি।
বন্ধ হচ্ছে হাজার হাজার বাস-ট্যাক্সি, গণপরিবহণের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রাজ্য

এ ছাড়া আগামী কয়েক বছরে প্রতি বছরই গড়ে পাঁচশোটি করে লাক্সারি ট্যাক্সি গড়ে কমতে থাকবে। এই যে যাত্রী পরিবহণের কাজে যুক্ত এত গাড়ি অবসরে যাবে তার জন্য এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য। খড়্গপুর আইআইটি-র অধ্যাপক ভার্গব মৈত্র জানিয়েছেন, একাধিক গাড়ি যেমন বাতিল হচ্ছে, তেমনি একাধিক গাড়ি যুক্তও হচ্ছে।
আসল উদ্দেশ্য দূষণ রোধকারী যান ব্যবস্থা চালু করা। পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ জানিয়েছেন, অবিলম্বে পুরানো গাড়ি বন্ধ করে দেওয়া উচিত। নজর এড়িয়ে সেই গাড়ি এখনও কী করে চলছে, সেই প্রশ্নও তোলেন তিনি।



