SSKM হাসপাতালে টিকিট কালোবাজারি, ২ টাকার কুপন বিক্রি ২০০ টাকায়! Exclusive

গরিব রোগীদের জন্য নির্ধারিত সেবা SSKM হাসপাতালে কালোবাজারিদের কবলে, চিকিৎসা পেতে বাড়ছে দুর্ভোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

SSKM হাসপাতাল–যা কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসা কেন্দ্র এবং সাধারণ মানুষের শেষ ভরসাস্থল—সেখানে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, গরিব রোগীদের জন্য নির্ধারিত ২ টাকার আউটডোর টিকিট কালোবাজারে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগে চিকিৎসা করাতে ভোর থেকেই লম্বা লাইন পড়ে। অনেক রোগী দূরদূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। কিন্তু এই লাইনে না দাঁড়িয়ে, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরকারি হেল্প ডেস্ক থেকেই আগে থেকে কেটে রাখা টিকিট ২০০ টাকায় বিক্রি করছেন। ফলে অর্থ খরচ করতে পারা রোগীরা সরাসরি ডাক্তারদের কাছে পৌঁছে যাচ্ছেন, আর গরিব রোগীরা পিছনে পড়ে থাকছেন।

কালোবাজারিদের বক্তব্য, প্রতিদিন সকালে প্রায় ৪০টি টিকিট আগেভাগেই কেটে রাখা হয়। তাঁদের দাবি, লাইনের চাপের কারণে সাধারণ রোগীরা নাকি টিকিট পাবেন না, তাই এই ‘ব্যবস্থা’। আরও অভিযোগ, টিকিট বিক্রেতারা শুধু টিকিটই নয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টেস্ট ও অন্যান্য কাজও বাড়তি টাকা নিয়ে করিয়ে দিচ্ছেন। এক ব্যক্তি এমনকি নিজের ফোন নম্বর পর্যন্ত রোগীদের দিয়ে বলেন, যে কোনও পরীক্ষার জন্য সরাসরি যোগাযোগ করতে।

SSKM হাসপাতালে টিকিট কালোবাজারি, ২ টাকার কুপন বিক্রি ২০০ টাকায়! Exclusive
SSKM হাসপাতালে টিকিট কালোবাজারি, ২ টাকার কুপন বিক্রি ২০০ টাকায়! Exclusive

স্থানীয় সূত্রে জানা গেছে, এই বেআইনি ব্যবসার সঙ্গে জড়িত কিছু কর্মী ও দালাল হাসপাতালের ভেতরে সক্রিয়ভাবে কাজ করছেন। তাঁদের কেউ কেউ খোলাখুলিভাবেই বলছেন, “লাইনে দাঁড়িয়ে কষ্ট করার দরকার নেই, টাকা দিন, টিকিট নিন, সব ব্যবস্থা হয়ে যাবে।”

এই ঘটনা সামনে আসতেই স্বাস্থ্য মহল ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, SSKM হাসপাতাল গরিব রোগীদের জন্য, আর সেখানে যদি টাকা দিয়ে আগে চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হয়, তাহলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।

প্রশাসনিক মহলে দাবি উঠেছে, অবিলম্বে এই ধরনের কালোবাজারি বন্ধ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। নজরবন্দির পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তরের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানানো হচ্ছে।

কি চলছে দেখুন ভিডিও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত