এসএসসি নিয়োগ কবে হবে? আইনি জটে থমকে একাদশ–দ্বাদশ, নবম–দশমে দেরির আশঙ্কায় ‘যোগ্য’ প্রার্থীরা

আইনি জট ও হাইকোর্টের নতুন নির্দেশে একাদশ–দ্বাদশ ও নবম–দশমে শিক্ষক নিয়োগ পিছোচ্ছে, ভোটের আগে প্রক্রিয়া শেষ হবে কি না তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইনি লড়াইয়ের জেরে আবারও কি পিছোচ্ছে স্কুলে শিক্ষক নিয়োগ? প্রশ্নটা ক্রমেই জোরালো হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬-র তালিকা অনুযায়ী ‘যোগ্য’ চাকরিহারাদের শিক্ষকতার মেয়াদ দ্বিতীয় দফায় বাড়লেও, বাস্তবে নিয়োগ প্রক্রিয়া যে নির্ধারিত সময়ে এগোচ্ছে না, তা কার্যত স্পষ্ট। একাদশ–দ্বাদশের মেধাতালিকা ৭ জানুয়ারির মধ্যে প্রকাশের আশ্বাস দিয়েছিল West Bengal School Service Commission (এসএসসি)। কিন্তু নতুন আইনি জটিলতায় সেই সময়সীমা মানা সম্ভব হচ্ছে না বলেই কমিশন সূত্রের ইঙ্গিত।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট একাদশ–দ্বাদশ ও নবম–দশমে নতুন করে প্রার্থীদের জাতিগত ক্যাটিগরি যুক্ত করার আবেদন মঞ্জুর করায় পুরো প্রক্রিয়াই নতুন করে থমকে যায়। জানা যাচ্ছে, একাদশ–দ্বাদশে ৩৫টি বিষয়ের মধ্যে ১৮টি বিষয়ে আগামী ৮ জানুয়ারি নতুন করে ৪৬ জন প্রার্থীর ইন্টারভিউ নেবে এসএসসি। ফলে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ ১৬–১৮ জানুয়ারির আগে সম্ভব নয়। অথচ শীর্ষ আদালতে এসএসসি জানিয়েছিল, ১৫ জানুয়ারি থেকেই কাউন্সেলিং শুরু হবে। নিয়ম অনুযায়ী, মেধাতালিকা প্রকাশের পরেই স্কুলে–স্কুলে কাউন্সেলিং হওয়ার কথা।

সমস্যা আরও বাড়াচ্ছে সরকারি ছুটি। রাজ্যে ২৩ থেকে ২৬ জানুয়ারি টানা ছুটি থাকায় নবম–দশমের নথি যাচাই কবে শুরু হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে গোটা নিয়োগ প্রক্রিয়াই ধাপে ধাপে পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাকরিপ্রার্থীরা।

সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক স্তরে হাইকোর্ট একদিনের সময় বেঁধে দেওয়ায় মাত্র ১৫৪ জন নতুন করে ক্যাটিগরি যুক্ত করেছিলেন। নথি যাচাইয়ের পরে তার মধ্যে ১০৮ জন নানা কারণে বাতিল হয়েছেন। কিন্তু নবম–দশমে আদালত কোনও নির্দিষ্ট সময়সীমা না দেওয়ায়, ক্যাটিগরি যুক্ত করা প্রার্থীর সংখ্যা প্রায় দু’হাজারে পৌঁছেছে। যদিও নবম–দশমের ভেরিফিকেশন লিস্ট প্রকাশ হয়েছিল ১২ ডিসেম্বর, একাদশ–দ্বাদশের ইন্টারভিউ ও একাধিক আদালতের রায়ের জেরে সেই নথি যাচাই প্রক্রিয়া বারবার পিছিয়েছে।

চাকরিপ্রার্থীদের আরও বড় আশঙ্কা—ফেব্রুয়ারিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার আগে নবম–দশমের নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে, হাজার হাজার ‘যোগ্য’ প্রার্থী ভবিষ্যতে বড় সমস্যার মুখে পড়বেন বলেই তাঁদের দাবি।

যোগ্য চাকরিহারাদের একাংশের বক্তব্য, একাদশ–দ্বাদশে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ৭ নভেম্বর, নথি যাচাই শুরু হয় ১৮ নভেম্বর থেকে। তার মধ্যেই ২৭ নভেম্বর বাংলা ও ইংরেজির ইন্টারভিউ শুরু হয়ে যায়। ওই স্তরে ৩৫টি বিষয়ে ১২,৪৪৫টি শূন্যপদের জন্য প্রায় ২০ হাজার প্রার্থী ডাক পেলেও, নানা কারণে ১,৬৫৬ জন বাতিল হন। অথচ নবম–দশমে ২৪ নভেম্বর ফল প্রকাশ হলেও, ১১টি বিষয়ে ২৩,২০৯টি শূন্যপদের জন্য ৩৭ হাজারের বেশি প্রার্থী থাকা সত্ত্বেও এখনও কার্যত নিয়োগ শুরু হয়নি।

নবম–দশমের পদার্থবিদ্যার ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক রাকেশ আলম বলেন, “আমরা আগে পরীক্ষার প্রস্তুতির জন্য সময় চেয়েছিলাম। তখন আদালতের রায়ের অজুহাতে সেই দাবি মানা হয়নি। এখন আমাদের একটাই দাবি—ভোট ঘোষণার আগেই দ্রুত ও স্বচ্ছভাবে একাদশ–দ্বাদশের পাশাপাশি নবম–দশমের নিয়োগ শেষ করা হোক।”

স্কুলশিক্ষা দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নিয়োগ সংক্রান্ত ২০২৫ সালের মামলা সুপ্রিম কোর্ট ফের কলকাতা হাইকোর্ট-এ পাঠিয়েছে। হাইকোর্ট যে নির্দেশ দেবে, এসএসসি তা মানতে বাধ্য। যদিও কিছু ক্ষেত্রে কমিশন সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চেও গিয়েছে। এদিকে শীর্ষ আদালতে এসএসসি জানিয়েছে, নবম–দশমে ২৪ মার্চের মধ্যে মেধাতালিকা প্রকাশের লক্ষ্য রয়েছে এবং ৩০ মার্চ থেকে কাউন্সেলিং শুরু হতে পারে—যা এখনও অনেকটাই দূরের সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর