এসএসসি মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টের। সব বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি। এক ধাক্কায় বাতিল হল ২৬ হাজার চাকরি। নিয়োগ দুর্নীতি মামলার রায়ের দিকে নজর ছিল সকলেরই। অবশেষে হল সমস্ত জল্পনার অবসান। চাকরি বাতিলের পাশাপাশি সুদ সহ বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: SSC মামলায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সমেত ফেরাতে হবে বেতন



সোমবার নির্ধারিত সময়মতো সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতা হাই কোর্টে SSC মামলার রায় পড়তে শুরু করেন বিচারপতি দেবাংশু বসাক। ২৮১ পাতার রায়ে মোট ৩৭০টি অনুচ্ছেদ রয়েছে। এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা গ্রহণযোগ্য বলেই পর্যবেক্ষণ বিচারপতি বসাকের।

২০১৬ সালের বিতর্কিত গোটা প্যানেলই খারিজ করার সিদ্ধান্তের কথা জানান। তার ফলে ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল বলে জানাল আদালত। শুধুমাত্র সোমা দাস নামে এক চাকরিপ্রাপকের চাকরি থাকবে বলে জানিয়েছে হাই কোর্ট। কারণ, তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত। মানবিক কারণে তাঁর চাকরি বহাল রেখেছে আদালত।


এবার যোগ্য চাকরি প্রার্থীদের কী হবে? জানার অপেক্ষায় বঞ্চিতরা

কিন্তু এবার প্রশ্ন তুলেছে দীর্ঘ দিন ধরেই চাকরির দাবিতে কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে অনশন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের বক্তব্য, অযোগ্যদের চাকরি বাতিল হল, কিন্তু যোগ্য চাকরিপ্রাপকদের কী হবে? তাই আদালতের পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।







