বিশ্বকাপ শুরুর আর বেশি দেরি নেই, আর তার আগেই ফুটবল বিশ্বে বড় চমক দিল স্পেন। ২০২৬ FIFA বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। সবচেয়ে বড় আলোচনার বিষয়— স্পেনের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলার জায়গা পেলেন না জাতীয় দলে।
বিশ্ব ফুটবলের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতিনিধিত্ব ছাড়া স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হওয়ায় বিস্মিত ফুটবলমহল। দীর্ঘ ৯২ বছরের বিশ্বকাপ যাত্রায় এমন নজির আগে দেখা যায়নি। বিশেষ করে সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় থাকা ডিন হাউসেন, আলভারো কারেরাস কিংবা তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়ার বাদ পড়া নিয়েই বেশি আলোচনা হচ্ছে।
অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতাও জায়গা পাননি এই দলে। ফলে পরিষ্কার, ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন ভারসাম্য তৈরি করতে চাইছে স্পেন। কোচ দে লা ফুয়েন্তে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে দল গড়ার পথে হেঁটেছেন।
মিডফিল্ডে ভরসা রাখা হয়েছে পেদ্রি, গাভি, দানি ওলমো, ফাবিয়ান রুইজ, রদ্রি এবং মিকেল মেরিনোদের উপর। চোটের কারণে বাইরে রয়েছেন ফের্মিন লোপেজ।
আক্রমণভাগে নজর থাকবে তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল এবং নিকো উইলিয়ামস-এর দিকে। সঙ্গে রয়েছেন ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল এবং ইয়েরেমি পিনো।
ডিফেন্সেও নতুন মুখের উপর আস্থা দেখিয়েছে স্পেন। পাউ কুবারসি, মার্ক পিউবিল, এরিক গার্সিয়াদের মতো তরুণদের নিয়ে তৈরি হয়েছে নতুন রক্ষণভাগ।
FIFA বিশ্বকাপ ২০২৬-এর জন্য স্পেনের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক:
উনাই সিমন, দাভিদ রায়া, জোয়ান গার্সিয়া
ডিফেন্ডার:
মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে, মার্ক পিউবিল, এরিক গার্সিয়া, মার্কোস লরেন্তে, পেদ্রো পোরো
মিডফিল্ডার:
পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রি, আলেক্স বায়েনা, মিকেল মেরিনো
ফরোয়ার্ড:
লামিনে ইয়ামাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, মিকেল ওয়ারজাবাল, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোরহা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ
বিশ্বকাপের আগে স্পেনের এই সিদ্ধান্ত কতটা সফল হয়, এখন সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।



