মাঝরাতের বৃষ্টির পর দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সাময়িক স্বস্তি ফিরেছে। হালকা ঠান্ডার আমেজে বুধবার সকালটা শুরু হলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে—এই আরাম বেশিদিন স্থায়ী হবে না। আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই থাকলেও মার্চের শুরু থেকেই ধীরে ধীরে বাড়বে পারদ। ফলে দোল ও হোলির আগেই শীতের শেষ অধ্যায় কার্যত শেষ হতে চলেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রার ওঠানামাও খুব বেশি থাকবে না। আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই এবং শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।


দোল-হোলিতে বাড়বে গরমের আমেজ
উৎসবের মরসুমে শীতের আমেজ প্রায় উধাও হয়ে যাবে বলেই পূর্বাভাস। দোল ও হোলির সময় তাপমাত্রা বাড়তে শুরু করবে। রাজ্যের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বুধবার সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে।
চার দিন স্থিতিশীল আবহাওয়া, তারপর বাড়বে পারদ
২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা প্রায় একই থাকবে। সকাল ও সন্ধ্যায় সামান্য ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় উষ্ণতা বাড়বে। ১ মার্চ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি শুরু হবে। পরবর্তী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ বাড়তে পারে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, আর্দ্রতার প্রভাব
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। আগামী ছয় দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতার অস্বস্তি বজায় থাকবে।


কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃষ্টির প্রভাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। আগামী চার দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মার্চের শুরুতে তা বেড়ে ২২ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।
বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।







