দ্বিতীয় দফার ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থায় নতুন সংযোজন। ভোটের দিন কোনও সমস্যা বা অভিযোগ জানাতে সরাসরি যোগাযোগের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল কেন্দ্রীয় বাহিনী। সাত জেলার ১৪২টি আসনে ভোটের আগে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসন, যাতে ভোটাররা নির্ভয়ে তাঁদের মতাধিকার প্রয়োগ করতে পারেন।
সিআরপিএফের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সেক্টরের ফোর্স কো-অর্ডিনেটর তথা আইজি এই হেল্পলাইন নম্বরগুলি প্রকাশ করেছেন। ভোটের দিন কোনও রকম অনিয়ম, ভয়ভীতি বা সমস্যার মুখে পড়লে সাধারণ মানুষ এই নম্বরগুলিতে সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারবেন।


হেল্পলাইন নম্বর:
মোবাইল: ৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩
ল্যান্ডলাইন: ০৩৩-২৩৬৭১১১৭
প্রথম দফার ভোট তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হওয়ায় প্রশাসনের আত্মবিশ্বাস বাড়লেও দ্বিতীয় দফায় আরও বেশি সতর্কতা নেওয়া হচ্ছে। রবিবার ‘ধনধান্য’ অডিটোরিয়ামে উচ্চপর্যায়ের বৈঠকে নির্বাচন আধিকারিক, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কর্তারাও নিরাপত্তা জোরদারের পরিকল্পনা চূড়ান্ত করেন।
বিশেষ করে ভুয়ো ভোটার ও সম্ভাব্য অশান্তি রুখতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সম্ভাব্য গোলমাল ঠেকাতে গত ৩৬ ঘণ্টায় ভোটমুখী জেলা থেকে ১৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।


এদিকে নির্বাচন কমিশন-এর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও কড়া বার্তা দিয়েছেন—আইনভঙ্গ করলে তার দ্রুত প্রতিক্রিয়া হবে।
সব মিলিয়ে, দ্বিতীয় দফার ভোটে প্রশাসন কোনও ঝুঁকি নিতে রাজি নয়। নিরাপত্তা, নজরদারি এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।







