নজরবন্দি ব্যুরো: কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলেই চট করে মাথায় আসে উত্তরবঙ্গের কোনও ঠিকানা – দার্জিলিং, কালিম্পং, আরও কত কি! কিন্তু একদিনের ছুটিতে এইসব জায়গায় তো আর যাওয়া যায় না! তাহলে কোথায় যাবেন! দক্ষিণবঙ্গেই রয়েছে কয়েকটি ভ্রমণমূলক স্থান। কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে চাইলে বেছে নিতে পারেন এই জায়গাগুলি।
আরও পড়ুন: Travel Destination: মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন ‘কাশ্মীর, পাহাড়-ঝর্না-জঙ্গল একসঙ্গেই দেখে নিন


গেওখাঁলি:
পূর্ব মেদিনীপুর জেলার তিনটি নদীর সঙ্গমস্থল গেওখাঁলি। হলদি, রূপনারায়ণ, হুগলি – এই তিনটি নদী মিলিত হয়েছে এখানে। কলকাতা থেকে মাত্র ১১৫ কিলোমিটার দূরে অবস্থিত গেওখাঁলি। হাওড়া-হলদিয়া লোকালে চেপে সতীশ সামন্ত রেল স্টেশনে নেমে টোটো, অটো কিংবা বাসে করে পৌঁছে যেতে পারবেন গেওখাঁলি।



মহিষাদল রাজবাড়ি:
রাজ্যের মধ্যেই এমন অনেক রাজবাড়ি রয়েছে যেগুলিকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হয়েছে। সেগুলির মধ্যেই একটি মহিষাদল রাজবাড়ি, এটি বর্তমানে বেশ জনপ্রিয়। এখানে রাজকীয় হালে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। প্রাসাদ, দুর্গামণ্ডপ, কুলদেবতা মদনগোপাল জিউয়ের মন্দির- সবই ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে দু’ঘন্টার কাছাকাছি।

ঝাড়গ্রাম:
কলকাতার কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাইলে ঝাড়গ্রামের নাম মাথায় আসতে বাধ্য। জঙ্গলমহলের কোলে এই জায়গায় একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন। সন্ধ্যে হলে আদিবাসীদের ধামাসার সুর ভেসে আসবে। কলকাতা থেকে ১৫৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ঝাড়গ্রামে রেলপথে আসতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা। বাসে আসতে চাইলে পাঁচ ঘন্টা লাগতে পারে
ভ্রমণ মানে কি শুধুই উত্তরবঙ্গ! রইল দক্ষিণবঙ্গে সেরা তিনটি ঠিকানা










