ইডেন গার্ডেন্সে ভারত–দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে অপ্রত্যাশিত ব্যর্থতার পরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গৌতম গম্ভীর এবং পিচ প্রস্তুতির ধরন। আড়াই দিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয় তুলে নেওয়ায় চাপে পড়ে ভারতীয় দল। শুভমান গিলের চোটে ব্যাটিং লাইনআপ অসম্পূর্ণ থাকার পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ইডেনের উইকেট নিয়ে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় গম্ভীরকে বরখাস্ত করার দাবি উঠলেও, সেই জল্পনায় সোজাসাপ্টা উত্তর দিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
ম্যাচ শেষের পর থেকেই ক্রিকেট বিশেষজ্ঞরা দাবি করছেন, ইডেনের পিচই ভারতের হারের প্রধান কারণ। এই পিচ বিতর্কে সৌরভ প্রকাশ করলেন এক বিস্ফোরক তথ্য। তিনি জানান, টেস্ট ম্যাচ শুরুর চার দিন আগে থেকেই বিসিসিআইয়ের কিউরেটররা পিচের নিয়ন্ত্রণ নিয়ে নেন, ফলে সিএবি কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের তেমন কিছু করার সুযোগ ছিল না।


গম্ভীরকে টেস্ট কোচের পদ থেকে বাদ নিয়ে সাফ জবাব দিলেন সৌরভ, কী বললেন CAB প্রেসিডেন্ট?
সৌরভ বলেন, “না, না, আমি মোটেও জড়িত নই। চার দিন আগে বিসিসিআই কিউরেটররা এসে পিচের দায়িত্ব নেন। সুজন বহুদিন ধরে দুর্দান্ত কাজ করছে, কিন্তু অনুরোধ করা হলে আপনাকে তা রাখতে হয়।” তাঁর বক্তব্য, পিচের মান এইবার মোটেই সেরা পর্যায়ে ছিল না, এবং ভারতীয় ব্যাটসম্যানদের আরও ভালো উইকেট প্রাপ্য ছিল।
বাংলাদেশ–ইংল্যান্ড সিরিজে যেখানে ভারত দুর্দান্ত ব্যাটিং উইকেটে সাফল্য পেয়েছিল, সেখানে ইডেনে এমন পিচ দেখে অবাক হয়েছেন সৌরভও। তিনি বলেন, “তিন দিন ইডেনে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। গম্ভীর ও তার দল এই ম্যাচে আরও ভালো পিচ পাওয়ার যোগ্য ছিল।”

ইডেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়ও জানিয়েছেন, তিনি কেবলমাত্র গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টের নির্দেশনা মেনেই পিচ তৈরি করেন। প্রশ্ন উঠছে, টিম ম্যানেজমেন্ট কি এমন পিচ চেয়েছিল যা শেষ পর্যন্ত নিজেদের বিপক্ষেই গেল?


এ প্রসঙ্গে সৌরভ বলেন, “অনেক সময় ব্যাপারগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। দল, অধিনায়ক এবং কোচ যা চায়, আমরা সেই অনুরোধ রাখার চেষ্টা করি। খেলার পরে গম্ভীর নিজেই বলেছেন, তিনি এমন পিচ চেয়েছিলেন এবং তাঁকে সেটাই দেওয়া হয়েছে।”
পরাজয়ের পরে সবচেয়ে বড় বিতর্ক—গম্ভীরকে বরখাস্ত করা উচিত কি না। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি তুলেছেন, ভারতের ঘরের মাঠের টেস্ট রেকর্ডে এই হার বিরাট আঘাত, তাই কোচিং স্টাফে পরিবর্তনের সময় এসেছে। কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সৌরভ অত্যন্ত স্পষ্ট।
সৌরভ বলেন, “এই পর্যায়ে গৌতম গম্ভীরকে বরখাস্ত করার কোনও প্রশ্নই আসে না।” তিনি দলের ইংল্যান্ড সফরের “অসাধারণ” পারফরম্যান্সের প্রশংসা করে জানান, কোচ এবং অধিনায়ক দু’জনেই চাপ মোকাবিলা করতে সক্ষম।
তিনি আরও যোগ করেন, “গম্ভীর কোচ হিসেবে এবং শুভমান অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে দারুণ পারফর্ম করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা ভারতেও ভালো করবে।”
গম্ভীরকে বরখাস্ত নিয়ে জল্পনায় এমন দৃঢ় বক্তব্যে বিতর্ক আপাতত স্তিমিত হলেও, ইডেনের পিচ বিতর্ক এবং দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে গবেষণা যে চলবে, তা স্পষ্ট। ভারত–দক্ষিণ আফ্রিকা সিরিজের পরবর্তী ম্যাচে নজর থাকবে—গম্ভীর কীভাবে দলকে ঘুরে দাঁড় করান।








